২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাকি ৫ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হবে বার্সা’

ভালেন্সিয়ার কাছে হারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না লুইস এনরিকে। বাকি পাঁচ ম্যাচ জিতে লা লিগার শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 03:31 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

‘বার্সাকে শিরোপা জেতাবে একতা’
সংখ্যায় মেসির ৫০০
ভালেন্সিয়ার কাছে হেরেই গেল বার্সা

নিজেদের মাঠে গত রোববার ভালেন্সিয়ার কাছে বার্সেলোনা ২-১ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপা লড়াই উন্মুক্ত হয়ে পড়ে।

১৩ বছর পর লিগে টানা তিন ম্যাচ হারা বার্সেলোনা ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর এক সময় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন মাত্র ১ পয়েন্ট পেছনে।

সাম্প্রতিক এই ছন্দপতনের পরও শিরোপা জয় নিয়ে আত্মবিশ্বাসী এনরিকে।

“আমি মনে করি, আমাদের পাঁচটি জয় লাগবে। আর এটা করার সামর্থ্য যদি কোনো দলের থাকে, তাহলে সেটা বার্সেলোনারই আছে। আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু বাকি পাঁচ ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব।”

ভালেন্সিয়ার কাছে হেরে যাওয়ার দায় খেলোয়াড়দের দিতে রাজি নন বার্সেলোনা কোচ।

“আমি শুধু আমার খেলোয়াড়দের প্রশংসাই করতে পারি। তাদের সমালোচনা করার কোনো কারণ নেই। সাম্প্রতিক হতাশার পরও আমরা ভালো সাড়া দিয়েছি বলে মনে করি আমি। শুধু ভাগ্যের সহায়তা পাইনি আমরা। আমাদের দরকার ছিল খালি একটি গোলের। আমরা তা পেয়েছি, কিন্তু ভুল জালে।”

২৬তম মিনিটে ম্যাচের ধারার বিপরীতে অনেকটা ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় ভালেন্সিয়া। বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে পড়ে সীমানার কাছাকাছি থেকে গিলের্মে সিকেইরার শট ইভান রাকিতিচের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়।

এর পর সান্তি মিনার গোলে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ভালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি একটি গোল করে কেবল হারের ব্যবধানই ঘোচাতে পারেন।

এনরিকে বলেন, “সম্প্রতি ম্যাচগুলোতে বার্সেলোনা যেমন অন্যায্যভাবে হেরেছে, অন্য দলের ক্ষেত্রে আমি তা মনে করতে পারি না। কঠিন মুহূর্তে খুব ভালো পারফরম্যান্স ছিল এটা। সব ক্ষেত্রেই আমরা ভালেন্সিয়ার চেয়ে ভালো ছিলাম। তারা শুধু বেশি কার্যকর ছিল।”

“আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং আমাদের ৩ পয়েন্ট প্রাপ্য ছিল। কিন্তু এটাই ফুটবল। আপনি আক্রমণ করা ছাড়াও ম্যাচ জিততে পারেন এবং আজ এটাই হয়েছে।”