স্বাধীনতা কাপে মুক্তিযোদ্ধার প্রথম জয়
ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরে স্বাধীনতা কাপ শুরু করে প্রতিযোগিতাটির ২০০৫ সালের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা।
উত্তর বারিধারাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাদার্স এ নিয়ে টানা দুই ম্যাচ হারল। সবশেষ ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার প্রথমার্ধে 'এ' গ্রুপরে এই দুই দলের আক্রমণে ছিল না প্রত্যাশিত ধার। তবে ৪০তম মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।
তৌহিদুল আলমের বাড়ানো বলে প্লেসিং শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন আহমেদ কোলো মুসা। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাইয়ুম সেন্টুর দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। ৬৪তম মিনিটে তৌহিদুল আহমেদের হেড কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক উত্তম বড়ুয়া।
শেষ দিকে তৌহিদুলের বাড়ানো ক্রসে মুফতা লাওয়াল পা ছোঁয়ালেই ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত মুক্তিযোদ্ধা। কিন্তু দলটির নাইজেরিয়ান এই ফরোয়ার্ড বলের গতির সঙ্গে পেরে ওঠেননি।
দিনের প্রথম ম্যাচে আরামবাগ-ফেনী সকার ১-১ ড্র করে। চলতি আসরে খেলা তিন ম্যাচে ফেনীর এটি দ্বিতীয় ড্র। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা আরামবাগ এই ড্রয়ে প্রথম পয়েন্ট পায়।
