২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিধ্বস্ত’ শেখ জামাল যাচ্ছে মালয়েশিয়ায়

মামুনুল ইসলামসহ আট ফুটবলারকে ফিরে পাওয়ার বিষয়টি এখনও আদালতে নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচ খেলতে হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। বিধ্বস্ত দল নিয়ে বড় প্রাপ্তির আশা তাই করতে পারছেন না দলটির কোচ শফিকুল ইসলাম মানিকও। মালয়েশিয়া থেকে মান বাঁচিয়ে ফিরতে পারলেই খুশি তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:39 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে মালয়েশিয়ার দল সেলানগোর এফএর বিপক্ষে খেলবে শেখ জামাল। রোববার রাতে মাত্র ১৪ জন শিষ্য নিয়ে মালয়েশিয়ার পথে রওনা দিচ্ছেন মানিক।

এই ১৪ জনের মধ্যে আবার দুই গোলরক্ষক; মাসুদুর রহমান মোস্তাক ও মাজহারুল ইসলাম হিমেল। পরিস্থিতি এমন যে, ম্যাচে একাধিক খেলোয়াড় চোট পেলে গোলরক্ষককেই নামিয়ে দিতে হবে!

লম্বা কোচিং ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মানিক বললেন, “যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা ভীষণ দুঃখজনক। এই পরিস্থিতিতে কী-ই বা বলার থাকে। আগের দলটা নেই। সর্বশেষ ম্যাচে যাদের খেলিয়েছি, তাদেরকেও চোটের কারণে পাচ্ছি না। যাদের নিয়ে যাচ্ছি, আশা করছি, তারা শতভাগ দিয়ে মান বাঁচাবে।”

শেখ জামালের বর্তমান দলে আছেন মুরাদ ও রাকিন। এই দুই জনকে স্বাধীনতা কাপের চলতি আসরেও খেলানোর সাহস করেননি মানিক। অথচ এই দুজনের দিকেও এখন তাকিয়ে থাকছেন তিনি। তাকিয়ে থাকছেন ভাগ্যের সহায়তা পাওয়ার আশাতেও।

“স্বাধীনতা কাপে সর্বশেষ ম্যাচে আমরা ভালো খেলিনি। কিন্তু আত্মঘাতী গোলে জিতেছি। ফুটবলে ভাগ্যকে পাশে পাওয়াও অনেক ব্যাপার। এমনও হতে পারে, মালয়েশিয়ায় গিয়ে আমাদের একাদশের কেউ চোট পেল না; সবাই ভালো খেলল। এমনও তো হতে পারে, ড্র হলো কিংবা এক গোলে জিতে গেলাম আমরা। তবে এটাও মনে রাখতে হবে, যে দল নিয়ে যাচ্ছি তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই।”

শুরুতে এএফসি কাপের জন্য ২২ সদস্যের একটি তালিকা এএফসির কাছে জমা দিয়েছিল শেখ জামাল। ওই তালিকা থেকে মামুনুল ইসলাম, রায়হান হাসান, আলমগীর কবির রানা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, শহিদুল আলম সোহেল, জামাল ভুঁইয়া এবং সোহেল রানাকে দলটি পাচ্ছে না।

ধারে আনা দুই খেলোয়াড় মোনায়েম খান রাজু ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস চোটে ভুগছেন। মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরীও চোটের কারণে মালয়েশিয়া যেতে পারছেন না।

মানিক তাই মান বাঁচিয়ে ফেরার ছকেই থাকছেন, “জয়-পরাজয় নিয়ে, সম্ভাবনা নিয়ে এখন কিছুই ভাবতে চাই না। আমার চিন্তা শুধুই সম্মানজনক একটা ফলাফল নিয়ে ফেরা।”

গত মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপের সেলানগোরের কাছে ৪-৩ গোলে হেরেছিল শেখ জামাল। বাছাইপর্বের সেরা হয়ে মূল পর্বে আসা শেখ জামাল এখনও জয় পায়নি। গ্রুপের আগের তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে।