‘হাল সিটির চেয়ে বার্সার বিপক্ষে প্রস্তুতি নেওয়া সহজ’
লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার দুরন্ত আক্রমণভাগকে সামালোনার মতো কঠিন এক কাজ করতে হবে আর্সেনালকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ আর্সেন ভেঙ্গারের কাছে অবশ্য হাল সিটির চেয়ে গত মৌসুমে ট্রেবল জেতা দলটির বিপক্ষে প্রস্তুতি নেওয়া বেশি সহজ।
আর্সেনালের মাঠ এমিরেটসে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাতে পৌনে দুইটায়।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকেই এই ম্যাচে ফেভারিট ভাবছেন বেশিরভাগ মানুষ।
গত শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করা আর্সেনালের কোচ ভেঙ্গার বলেন, “বার্সেলোনার চেয়ে হালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেওয়া বেশি কঠিন। কারণ, বার্সেলোনার বিপক্ষে স্বাভাবিকভাবেই সবাই মনোযোগী।”
গত অক্টোবর থেকে অপরাজিত থাকা বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেস ও নেইমার মিলে এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৫৮ গোল করেছেন।
তবে ভেঙ্গার বলেন, “পৃথিবী নিখুঁত নয় এবং কোনো দলই নিখুঁত নয়। তবে বার্সেলোনা নিখুঁতের চেয়ে খুব বেশি দূরে নয়।”
চ্যাম্পিয়ন্স লিগে সাত বারের মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনাকে একবারই হারাতে পেরেছে আর্সেনাল। ২০১১ সালে ঠিক একই পর্যায়ে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল তারা। তবে মেসির জোড়া গোলে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বার্সেলোনা।
“নিশ্চিতভাবে আক্রমণের দিক থেকে তাদের সেরা স্ট্রাইকাররা রয়েছে। দলটি যে কোনো সময় গোল করতে পারে, এমনকি যখন তারা কোণঠাসা হয়ে পড়ে তখনও।”
আর্সেনালের গোল পোস্টের নিচে আছেন পেতর চেক। লিওনেল মেসির কাছ থেকে এখনও কোনো গোল খাননি চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক। এই ধারা এ ম্যাচেও তিনি ধরে রাখবেন বলে আশা করেন ভেঙ্গার।
“আমি আশা করছি যে, পেতর তার (মেসি) জন্য আগামীকাল একটু সমস্যা তৈরি করবে।”
