বার্সা পরীক্ষার আগে এমএসএনের প্রশংসায় আর্সেনাল কোচ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের তারকা সমৃদ্ধ আক্রমণভাগের প্রশংসায় পঞ্চমুখ আর্সেন ভেঙ্গার। নিজেদের মধ্যে দারুণ সমন্বয়ের কারণেই ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ী অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলে মনে করেন আর্সেনাল কোচ।
লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে গড়া বার্সেলোনার আক্রমণভাগ এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯১ গোল করেছে। গত মৌসুমে এই তিন জন মিলে করেছিলেন ১২২ গোল। বর্তমানে এই ত্রয়ী যে দারুণ ছন্দে আছে, তাতে খুব শিগগিরই হয়তো নতুন রেকর্ড গড়বে তারা।
গত মৌসুমে এই ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সেই ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়ে বার্সেলোনা।
একইভারে এ মৌসুমেও এই আক্রমণত্রয়ীর অবিশ্বাস্য গোল করার ছন্দে সবগুলো শিরোপা জয়ের পথেই আছে বার্সেলোনা। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দল। কোপা দেল রেতেও ফাইনালে উঠেছে তারা। আর ইউরোপ সেরার মঞ্চে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে ওঠে লুইস এনরিকের দল।
এমএসএন- তারকা ত্রয়ীর মধ্যে দারুণ সম্পর্কের কথা বলতে গিয়ে গত সপ্তাহে বহুল আলোচিত মেসি-সুয়ারেসের যৌথ পেনাল্টির উদাহরণ টানেন ভেঙ্গার।
“আমি দেখেছি যে, মেসি সুয়ারেসকে বল দিয়েছিল কারণ সে চেয়েছিল সুয়ারেস সেরা গোলদাতা হোক।”
“মেসিরসামনে ৩০০তম গোল করার সুযোগ ছিল, কিন্তু তা না করে সে সুয়ারেসকে বল দেয়। এর অর্থ তাদের মধ্যে আসলেই কিছু একটা আছে।”
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
