মেসি-নেইমার-সুয়ারেসকে রোখার সূত্র আছে আর্সেনালের
বার্সেলোনার অদম্য আক্রমণত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারকে রোখার জন্য সূত্র বের করেছেন আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল পাউলিস্তা।
এ মৌসুমে বার্সেলোনার হয়ে স্পেনের লা লিগায় এখন পর্যন্ত মেসি, সুয়ারেস ও নেইমার মিলে ৫৮ গোল করেন। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী প্রতিপক্ষ দলগুলোর জন্য বিরাট এক আতঙ্কের নাম।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে আর্সেনালের মাঠ এমিরেটস থেকে জয় নিয়ে ফিরতে মেসি-সুয়ারেস-নেইমার ত্রয়ীর উপরই বেশি ভরসা করবে বার্সেলোনা।
ইংল্যান্ডের সংবাদপত্র সানকে গাব্রিয়েল বলেন, “আমি মেসি, নেইমার, সুয়ারেসকে রোখার সূত্র জানি। তবে এটা খুবই গোপন।”
“আমি সূত্রটা প্রকাশ করছি না। আমি যদি প্রকাশ করি, তাহলে তা দলের ঠিক করা সব কৌশলগুলোকে ঝুঁকিতে ফেলে দেবে,” যোগ করেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
