‘বার্সেলোনা অজেয় নয়’
চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ম্যাচে আর্সেনাল চাইলে জুলিয়ানো বেলেত্তির কথা থেকে অনুপ্রেরণা নিতে পারে। বার্সেলোনার এই সাবেক খেলোয়াড়ের বিশ্বাস লুইস এনরিকের বর্তমান দলটি অজেয় নয়।
আগামী মঙ্গলবার এমিরেটসে সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও বার্সেলোনা। এ ম্যাচে বার্সেলোনাকে হারানো সম্ভব বলে মনে করেন ব্রাজিলের সাবেক ফুটবলার বেলেত্তি।
“বার্সেলোনা অজেয় নয়। এটাই ফুটবলের অন্যতম দারুণ বিষয়। অনেক মেধাবী ফুটবলার নিয়ে গড়া একটা দলকে আপনি শ্রদ্ধা করতে পারেন কিন্তু তার মানে এই নয় যে, দলটি অজেয়।”
দীর্ঘদিনের অভিজ্ঞতা আর্সেনালকে আত্মবিশ্বাসী করেছে এবং এই মুহূর্তে সেরা অবস্থায় আছে বলেও মনে করেন বেলেত্তি। তবে বার্সেলোনার আক্রমণ ঠেকানো আর্সেন ভেঙ্গারের শিষ্যদের জন্য সহজ হবে না বলেও উল্লেখ করেন তিনি।
“এটা আসলেই কঠিন, বিশেষ করে বার্সেলোনার যখন এই আক্রমণভাগ আছে।”
“কিন্তু এটা আগেও হয়েছে। এই বার্সেলোনা হেরেছে এবং এটা আবারও হতে পারে। ফুটবল বিশ্বের একমাত্র দলগত খেলা, যেখানে সেরা দল সব সময় জেতে না”, যোগ করেন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত বার্সেলোনায় খেলা বেলেত্তি।
বার্সেলোনাকে অজেয় না বললেও এনরিকের দলকে ঠিকই ‘ফেভারিট’ মানছেন বেলেত্তি।
“এমনকি মেসি-সুয়ারেস-নেইমার ত্রয়ী যদি একসঙ্গে নাও খেলে…যদি তাদের একজন বা দুইজন বাদ হয়ে যায়, তাহলে অন্যজন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এটা বার্সেলোনাকে আত্মবিশ্বাস দেয় ও তাদের ফেভারিট বানায়।”
