আর্সেনালের মাঠে ‘ছু মন্তর’ বলবেন এনরিকে
আর্সেনালের মাঠে বার্সেলোনা জাদু দেখাতে তৈরি বলে জানিয়েছেন লুইস এনরিকে। কাতালুনিয়ার ক্লাবটির কোচ বলেছেন, তিনি শুধু জাদুর কাঠি ঘোরাবেন আর দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার তাদের কাজ করে যাবে।
এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণত্রয়ী হিসেবে বিবেচিত মেসি-সুয়ারেস-নেইমারের থেকে সর্বোচ্চটা পেতে এনরিকে কী করেন? এই প্রশ্নের উত্তরে অনেকটা মজা করেই বার্সেলোনা কোচ বলেন, “আমি তাদের বলি ‘ছু মন্তর ছু’। আর জাদুর ঝলক শুরু হয়ে যায়। আমি এটাই করি।”
“তাদের কারণে কাজটা সহজ হয়ে যায়। কারণ, তাদের কাছ থেকে কিছু আশা করার আগেই ম্যাচের কিছু পরিস্থিতিতে তারা তা করে ফেলে।”
২৬ বছরের মধ্যে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুবার শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। এর আগে ইতালির ক্লাব এসি মিলান ১৯৮৮-৮৯ ও ১৯৮৯-৯০ মৌসুমে টানা দুবার ইউরোপ সেরার শিরোপা জিতেছিল। তখন অবশ্য প্রতিযোগিতার নাম ছিল ভিন্ন।
এই লক্ষ্য নিয়ে মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি খেলতে নামছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা।
‘এমএসএন’ ত্রয়ীকে নিয়ে এনরিকে বলেন, “তারা বাকিদের চেয়ে আলাদা। কারণ তারা অসাধারণ আর সব সময় জয় পেতে মরিয়া।”
“উপরের দিকে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিতে তারা যে চাপ দেয়, আমরা সেটার উপরও নির্ভরশীল,” যোগ করেন এনরিকে।
ইউরোপের শীর্ষ দলগুলোর বেশিরভাগই তাদের ফরোয়ার্ডদের অদলবদল করিয়ে খেলায়। তবে মেসি, সুয়ারেস ও নেইমারকে বার্সেলোনা খুব কমই বিশ্রাম দেয়।
গত মৌসুমে ট্রেবল জেতা দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ বলেন, “তারা কখনোই বিশ্রাম নেয় না অথবা খেলা থামায় না। তাদেরকে না খেলানোটা হয়ত তারা একদমই পছন্দ করত না।”
