ম্যাচ সেরা রানার প্রশংসায় মালয়েশিয়া কোচ
শহিদুল আলম সোহেলের জায়গায় বাংলাদেশের গোলপোস্টের নিচে নেমেই বাজিমাত করেছেন আশরাফুল ইসলাম রানা। বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে দারুণ সব সেভ করে প্রতিপক্ষ কোচের প্রশংসাও পেয়েছেন মোহামেডানের এই গোলরক্ষক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ের পর চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে মারুফুল হকের দল।
ম্যাচের শুরুর দিকে মালয়েশিয়ার আব্দুল শুকুর জুসোহ ও ইয়াহইয়া আহমেদের শট রুখে দেন রানা। ৩৪তম মিনিটে ইয়াহইয়ার ক্রসে অধিনায়ক শুকর আদানের হেড ফিরিয়ে প্রথমার্ধে বাংলাদেশের ত্রাতা মোহামেডানের এই গোলরক্ষকই।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ড্র ফল নিয়ে সন্তোষ জানানো মালয়েশিয়া কোচ ইরফান বাকতি আবু সেলিম রানার প্রশংসায় পঞ্চমুখ হন।
“এ কারণেই তো তাকে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।”
মালয়েশিয়ার বিপক্ষে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন রানা। প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। মালয়েশিয়া ম্যাচের প্রস্তুতিও ভালো ছিল বলেন জানান ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।
“আমার মানসিক প্রস্তুতি অনেকটা বেশি ছিল। গত রাতে কোচ আমাদের প্রতিপক্ষ নিয়ে ব্রিফিং করেছিল। ওরা কিভাবে দূর থেকে শট করে, সেগুলো নিয়ে বলেছিল। আমাকে বিশেষ করে শুটিংয়ে মনোযোগী হতে বলেছিল।”
ঘরোয়া ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলপোস্ট সামলানোর কারণে মালয়েশিয়া ম্যাচের চাপ সামলানো সহজ হয় বলেও জানান রানা।
“মোহামেডাম আসলে (গত মৌসুমে) শক্তিশালী দল ছিল না। সব সময় বড় বড় দলের বিপক্ষে চাপ নিয়ে খেলতে হয়েছে। ওইটা একটা বিষয় হতে পারে।”
“আমিনুল-বিপ্লব ভাইদের দেখেছি, তারা উঁচু মানের গোলরক্ষক ছিলেন। তারা চলে যাওয়ার পর আমাদের ধারাবাহিকতা আসলেও নাই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর কি,” যোগ করেন তিনি।
গোল্ড কাপে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা ফেলডা ইউনাইটেডের বিপক্ষে সতীর্থদের খেলা নিয়ে খুশি না হওয়ার কথাও জানান রানা।
“আসলে আমাদের দলে যে অবস্থা, যেভাবে খেলা উচিত ছিল, সে রকমভাবে খেলতে পারেনি।”
