‘পরাজিত সৈনিক’ মারুফুল
“কিছু পেতে হলে যে আত্মত্যাগ দরকার, সেটা এই দলটার মধ্যে আছে”, বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন মারুফুল হক। দায়িত্বের এক মাস পার হতে না হতে বাংলাদেশ কোচের স্বীকারোক্তি-ভুলটা আমারই হয়েছে। এমনকি নিজেকে এখন ‘পরাজিত সৈনিক’ বলেও মনে হচ্ছে তার।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে আগামী সোমবার ভুটানের বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্যই এটি সান্ত্বনার জয় পাওয়ার শেষ সুযোগ।
শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ায় শেষ ম্যাচে সান্ত্বনার জয় পাওয়ার জন্য যেন খুব বেশি তাড়া নেই মারুফুলের। ভুটান ম্যাচের লক্ষ্য নিয়ে জানতে চাইলে বললেন, “আমি এখন পরাজিত সৈনিক। আমার কথা নিয়ে কি হবে? আমার কথার তো এখন আর কোনো মূল্য নাই।”
‘জয় চাই’ কথাটি একবারও মুখে আনেননি মারুফুল। শুধু বললেন, “দলে পরিবর্তন আসবে। অনেক কিছু পরিবর্তন করব। কেননা, এটা শেষ ম্যাচ।”
ঘরোয়া ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ট্রেবল জেতানোর কৃতিত্ব আছে মারুফুলের। মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকেও সাফল্যে ভাসিয়েছেন তিনি। জাতীয় দলের দায়িত্বটাও ৪৬ বছর বয়সী এই কোচ নিয়েছিলেন ‘চ্যালেঞ্জ’ হিসেবে।
গত ২৮ নভেম্বর দায়িত্ব নেওয়ার পরই প্রশ্নটা উঠেছিল-মাস খানেকের প্রস্তুতিতে কিভাবে সাফ শিরোপা পুনরুদ্ধার সম্ভব? তখন দল নিয়ে আশাবাদী কোচ প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছিলেন, আত্মবিশ্বাস আর নিষ্ঠা দিয়ে পেরুতে পারবেন বাধা।
প্রথম ম্যাচের হারের পেছনে মামুনুল-জাহিদদের ভুল পাসকে দায় দিয়েছিলেন মারুফুল। দ্বিতীয় ম্যাচের ব্যর্থতার পর বলেছিলেন, ছেলেদের মানসিক সমস্যা এখনও কাটেনি। দুই ম্যাচে পজিশন বদল করে খেলা, মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সমন্বয়, প্রতিপক্ষের ফুটবলার মার্কিং কোনো কিছু নিয়েই সন্তুষ্ট নন কোচ। কিন্তু ভুটান ম্যাচের আগেই সব দায় নিজের কাঁধে নিয়ে নিলেন মারুফুল।
“আমি ওই সময় (দায়িত্ব নেওয়ার সময়) খেলোয়াড়দের ওভাররেট করেছিলাম। ভুলটা আসলে আমারই ছিল।”
শুধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্যই মারুফুলকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটির পক্ষ থেকে তখন বলেও দেওয়া হয়েছিল, শিরোপা জিতলে দায়িত্বের মেয়াদ বাড়বে; নইলে বিদায়। মারুফুল নিজেও এখন আর মামুনুলদের কোচের দায়িত্ব উপভোগ করছেন না।
“সাফ পর্যন্ত চুক্তি ছিল; চুক্তির শর্তগুলো তো আপনারও জানেন। দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে; আমারও দায়িত্ব শেষ। আমিও আর এই দায়িত্ব চালিয়ে যেতে চাই না।”
আগামী জানুয়ারিতে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। নিজেদের মাঠে এই টুর্নামেন্টের জন্য দায়িত্ব নিতে চাননা মারুফুল।
“সত্যি বলতে, আমার আর ইচ্ছা নাই। তবে এবার যদি আমাকে দায়িত্ব নিতে বলা হয়, তাহলে দীর্ঘমেয়াদে দিতে হবে।”
