২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব ছাড়ছেন ক্ষুব্ধ মামুনুল

অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মামুনুল ইসলাম। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের ছিটকে পড়ার হতাশা থেকে এই মিডফিল্ডার জানিয়েছেন, ভুটানের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলবেন তিনি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:52 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

সাফের ব্যর্থতা বিশ্লেষণে তদন্ত কমিটি 
ভুটান ম্যাচে সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ
‘পরাজিত সৈনিক’ মারুফুল

আগামী সোমবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্যই এটি সান্ত্বনার জয় পাওয়ার শেষ উপলক্ষ। 
 
ভুটান ম্যাচের আগের দিন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কারণ হিসেবে মামুনুল বলেন, “এই দল নিয়ে এগোনো কষ্ট। দায়িত্ব নিয়ে নিয়ে সবসময় হারতে চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ভুটান ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ।”
 
“আমার ব্যাকগ্রাউন্ড দেখেন; সবসময়ই আমি দলের ওপর আস্থা রেখে কথা বলি। কিন্তু এটা (হার) যদি বারবার হতে থাকে, তাহলে তা আমার জন্য লজ্জাজনক,” যোগ করেন এই মিডফিল্ডার।
 
শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর মালদ্বীপের কাছেও হার মানে বাংলাদেশ। এরপর সতীর্থদের দলের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন মামুনুল।
 

নির্দিষ্ট করে কোনো সতীর্থের দিকে অভিযোগের আঙুল না তুললেও মামনুল বলেন, “দলের প্রতি তাদের সেই নিষ্ঠা, টান নেই। …গণমাধ্যমের সামনে আমিই সবসময় কথা বলি; আত্মবিশ্বাস নিয়ে কথা বলি এবং কমিটমেন্ট করি। কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। তখন আমাকেই ব্যর্থতা নিয়ে কথা বলতে হয়।” হতাশা জড়ানো কণ্ঠে মামুনুল বললেন এত ব্যর্থতার ভার আর বইতে পারবেন না তিনি, “দেখুন, পরাজিত যোদ্ধার চেয়ে মরে যাওয়া যোদ্ধা ভালো। মরে গেলে তো কেউ আর কিছু বলবে না। কিন্তু পরাজিত হলে লোকে দেখা হলেই কথা বলবে।”