২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু গোল্ড কাপ

বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসরের দল সংখ্যা বেড়েছে দুটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আট দল নিয়ে হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ২০১৬ সালের আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 04:46 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা শেষে শনিবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, ৮ জানুয়ারি ২০১৬ তে শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শেষ হবে ১৮ জানুয়ারি।
 
ছয় দল নিয়ে হয়েছিল বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসর; সেবার ছয় দলের মধ্যে পাঁচটি ছিল বিদেশি। এবার আট দলের মধ্যে ছয়টি বিদেশি ও দুটি দেশি।
 
এবার অংশ নিতে যাওয়া বিদেশি দলগুলো হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপ।
 
মালয়েশিয়া গত আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল। 
 
বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এবারের আসরে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যুব দলকে রাখার অন্যতম কারণ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া এসএ গেমসের প্রস্তুতি কথা জানান মুর্শেদী।
 
গত আসরে শ্রীলঙ্কা ছাড়া বাকি পাঁচটি দেশ অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছিল। এবার অধিকাংশ দেশ জাতীয় দল পাঠাবে বলে জানান সংস্থাটির সিনিয়র-সভাপতি। তবে, মালয়েশিয়া, বাহরাইনের জাতীয় দল পাঠানোর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
 
সিলেট ও ঢাকা-এই দুই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শেদী।