২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁচকে বোর্নমাউথের এবারের শিকার ম্যান ইউ

পুঁচকে বোর্নমাউথ যেন ‘জায়ান্ট কিলার’-এ রূপ নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির পর এবার ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 01:48 AM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে এবারই প্রথমবারের মতো উঠে আসা বোর্নমাউথের মাঠে ২-১ গোলে হারে লুই ফন খালের দল।

গত সপ্তাহে চেলসিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছিল বোর্নমাউথ।

প্রিমিয়ার লিগে টানা দুটি ড্রয়ের পর হারল ইউনাইটেড। আর সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকলো তারা।

গত মঙ্গলবার জার্মানির দল ভলফসবুর্গের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া ইউনাইটেড শনিবার রাতে ম্যাচের শুরুতেই অবিশ্বাস্য এক গোলে পিছিয়ে পড়ে। ব্রিটিশ মিডফিল্ডার জুনিয়র স্টানিসলাসের নেওয়া কর্নার অনেকটা বাঁক খেয়ে গোলরক্ষক দাভিদ দে হেয়ার মাথার উপর দিয়ে দ্বিতীয় পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

২৪তম মিনিটে মারোয়ানি ফেলাইনি খুব কাছ থেকে ব্যবধান কমিয়ে ইউনাইটেডকে লড়াইয়ে ফেরান।

দ্বিতীয়ার্ধে শুরুতে আবারও এগিয়ে যায় বোর্নমাউথ। ৫৪তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বল জালে জড়ান নরওয়ের ফরোয়ার্ড জসুয়া কিং।

বাকি সময়ে ইউনাইটেড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ফলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলের কাছে হারের লজ্জায় মাঠ ছাড়ে তারা।

এই হারের পরও আপাতত চতুর্থ স্থানেই থাকছে ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।      

দিনের প্রথম ম্যাচে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে ম্যানচেস্টার সিটি।

১৬ ম্যাচে সিটির পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির পয়েন্টও ৩২, তবে গোল ব্যবধানে পিছিয়ে আসরের চমক জাগানো দলটি।