কলম্বিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার
বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচ শেষে কোনো জয় নেই আর্জেন্টিনার। তাই কলম্বিয়ার মাঠে জয় ছাড়া আর কিছু ভাবছেন না কোচ জেরার্দো মার্তিনো।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বারানকিইয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
উপকূলবর্তী শহর বারানকিইয়াতে পৌঁছে মার্তিনো বলেন, “কলম্বিয়াকে হারাতে হবে আমাদের। আমরা পয়েন্ট তালিকার দিকে তাকাতে চাই না এবং দেখতে চাই না কোথায় আছি।”
তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলম্বিয়া।
এই অঞ্চল থেকে ২০১৮ বিশ্বকাপে সরাসরি চারটি দল খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলে মূল মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।
আর্জেন্টিনার জন্য কলম্বিয়া ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ। এ ম্যাচকে ঘিরে নিজেদের সংকল্পের কথা বলেন মার্তিনো।
