২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রেরণা অতীত

বিশ্বকাপ বাছাইয়ে চরম বাজে শুরুর ধাক্কা সামলে কলম্বিয়ার বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া আর্জেন্টিনা। লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোদের অনুপস্থিতিতে লক্ষ্যটা হতে পারে অনেক কঠিন। তবে চার বছর আগের এক সুখস্মৃতি প্রেরণা জোগাচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 10:40 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বারানকিইয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

এই সেই মাঠ, চার বছর আগে যেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আজকের আর্জেন্টিনা দল।

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের সেটিও ছিল চতুর্থ রাউন্ড। আগের তিন রাউন্ডে মাত্র ৪ পয়েন্ট পেয়েছিল তারা। আগের ম্যাচেই তারা ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরেছিল।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে সেদিন মাঠে নেমে খেয়েছিল আরও বড় ধাক্কা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর যোগ হয়েছিল নিকোলাস বুরদিসোর লাল কার্ড। দলে এক জন কম, তারপরও চরম ঝুঁকিটা নেন আর্জেন্টিনার ওইসময়ের কোচ আলেহান্দ্রো সাবেইয়া, একজন মিডফিল্ডারকে বসিয়ে নামান আগুয়েরোকে। আগে থেকেই আক্রমণে ছিলেন মেসি ও হিগুয়াইন। শেষে ম্যাচটি ২-১ গোলে জেতে তারা।

পরের ইতিহাস তো সবারই জানা, সেদিনের সেই আর্জেন্টিনা দলই খেলে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল।

২০১১ সালের সেই সময়ের চেয়ে এখনকার আর্জেন্টিনার অবস্থা অবশ্য আরও নাজুক। প্রথম তিন ম্যাচে তাদের অর্জন মাত্র ২ পয়েন্ট। তার চেয়েও বড় সমস্যা, সেদিনের ঘুরে দাঁড়ানোর দুই নায়ক মেসি আর আগুয়েরোকে এবার পাচ্ছে না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আক্রমণভাগের আরেক তারকা কার্লোস তেভেসও চোট পেয়ে মাঠের বাইরে। সব মিলিয়ে লক্ষ্যে পৌঁছতে আর্জেন্টিনার সামনে বাধার শেষ নেই। এতসব সমস্যার মাঝেও অতীতের সুখস্মৃতিতেই আত্মবিশ্বাস খুঁজে ফিরছেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।

জার্মানির বিপক্ষে গত বিশ্বকাপের ফাইনালের আগে মাসচেরানো বলেছিলেন, “বারানকিইয়াতে এই দলটির জন্ম হয়েছিল।” আর এবার তিনি বললেন, “এখন, আবারও বারানকিইয়াতে আমরা জিতব।”

খারাপ সময় পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত অবশ্য আগের ম্যাচেই দিয়েছে আর্জেন্টিনা। গত শনিবার এই তিন জনকে ছাড়াই শক্তিশালী ব্রাজিলের রক্ষণভাগে ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে আনহেল দি মারিয়া ও গনসালো হিগুয়াইনরা। প্রথমে এগিয়েও যায় তারা; তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেস তাই মেসি-আগুয়েরোর অনুপস্থিতিতেও আর্জেন্টিনাকে কঠিন প্রতিপক্ষ মানছেন। সতীর্থদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “তারা কঠিন প্রতিপক্ষ এবং তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে।”

জেতার আশা অবশ্য ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগেস। তবে জানেন, লক্ষ্যটা সহজ হবে না।

“মেসি নেই, আগুয়েরোও নেই। তারপরও তাদের খুব ভালো একটা দল আছে। আমাদের প্রতিপক্ষের মান বদলায়নি, জিততে হলে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।”

আর্জেন্টিনার মতো কলম্বিয়া দলেও আছে চোট সমস্যা। গোঁড়ালি মচকে যাওয়ায় খেলতে পারবেন না আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার জ্যাকসন মার্তিনেস। আর কার্ডের খাড়ায় দলের বাইরে থাকতে হচ্ছে দুই ডিফেন্ডার কার্লোস সানচেস ও সান্তিয়াগো আরিয়াসকে।