২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত নেইমারের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা

লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্ত সেই ফর্ম নিয়ে এবার ব্রাজিলের হয়ে মাঠে নামবেন তিনি। মেসিবিহীন আর্জেন্টিনাকে জিততে হলে দুরন্ত এই ফরোয়ার্ডকে থামাতেই হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:45 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

ব্রাজিলকে ‘ফেভারিট’ ভাবছেন না মার্তিনো
তবুও আর্জেন্টিনাকে সমীহ দুঙ্গার
আর্জেন্টিনা মেসি-নির্ভর নয়: মার্তিনো
ব্রাজিলের কৌশল টের পেয়েছেন আর্জেন্টিনা কোচ
চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার
ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইটি বুয়েনস আইরেসে শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায়।

এই ম্যাচের আগে চোটের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে খর্বশক্তির হয়ে পড়েছে আর্জেন্টিনা। গত ২৬ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। এর পর থেকে মাঠের বাইরে আর্জেন্টিনার অধিনায়ক।

চোট মাঠের বাইরে ছিটকে ফেলেছে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোকেও। আর অতি সম্প্রতি চোট কেড়ে নেয় আর্জেন্টিনার আরেক তারকা কার্লোস তেভেসকে। 

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এর প্রথমটিতে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। প্যারাগুয়ে থেকে পরের ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে ফেরে মার্তিনোর দল।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে স্বাভাবিক কারণেই আর্জেন্টিনা কোচ মার্তিনোকে প্রশ্ন শুনতে হয়েছে, তার দল মেসি-নির্ভর কিনা। এই প্রশ্নে মার্তিনো একটু বিরক্ত হলেও মেসির না থাকাটা বড় ক্ষতির বলে স্বীকার করেন।

“প্যারাগুয়ের বিপক্ষে আমরা গোল করতে ব্যর্থ হয়েছি। আমরা পাঁচ থেকে ছয়টি পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিলাম।”

অন্য দিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। গত জুন-জুলাইয়ে চিলিতে কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। দলের সেরা তারকাকে ছাড়া ওই টুর্নামেন্টে ব্রাজিল দলও বেশিদূর যেতে পারেনি, কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডেও ছিলেন না নেইমার। অধিনায়ককে ছাড়া চিলির কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারকে ফিরে পেয়ে উজ্জীবিত পুরো ব্রাজিল দল। নেইমারও রয়েছেন তুঙ্গস্পর্শী ফর্মে। এ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলা ১৪ ম্যাচে ১৩টি গোল করেন তিনি। ব্রাজিল দলের আশা, এই ফর্মটা জাতীয় দলেও অনুবাদ করতে পারবেন নেইমার।

নেইমারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা সবার মুখপাত্র হয়ে জানান ব্রাজিলের মিডফিল্ডার এলিয়াস।

“(নেইমার) এই মুহূর্তে আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সে সেখানে (বার্সেলোনায়) যা করে, তাকে সেটা করতে আমাদের সাহায্য করতে হবে।”

আরেক মিডফিল্ডার লুকাস মনে করেন নেইমারের দিকে বেশি লক্ষ্য রাখবে আর্জেন্টিনা। আর এতে করে দলের অন্য খেলোয়াড়রা জায়গা পাবে।

আর্জেন্টিনার ডিফেন্ডার জোনাথান মাইদানাও নেইমারকে অদম্য বলে উল্লেখ করেন।  

“নেইমারকে পাহারা দেওয়ার কোনো সূত্র নেই। যদি থাকত, তাহলে প্রত্যেকেই তা কাজে লাগাতে পারত।”