২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কৌশল টের পেয়েছেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজের দলের বিপক্ষে ব্রাজিলের কৌশল আঁচ করতে পারছেন জেরার্দো মার্তিনো। আর্জেন্টিনার এই কোচ মনে করছেন, তার দলকে হারাতে প্রতিআক্রমণাত্মক ফুটবল খেলবে দুঙ্গার ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার
ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

ব্রাজিল নিজেদের অর্ধে বসে থেকে আর্জেন্টিনার তৈরি করা চাপটা সামলে নেওয়ার পর প্রতি-আক্রমণ করবে বলে ধারণা মার্তিনোর।
 
বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, “ব্রাজিলের দ্রুত আক্রমণে উঠে আসায় আমরা কম-বেশি ভুগব কিনা, সেটাই নিরূপণ করতে হবে। তারা নিশ্চিতভাবে আমাদের জন্য তাদের অর্ধে অপেক্ষা করবে।”

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মার্তিনো পাচ্ছেন না আক্রমণভাগের অপর দুই তারকা সের্হিও আগুয়েরো আর কার্লোস তেভেসকেও। তবুও ব্রাজিলের বিপক্ষে আক্রমণের মন্ত্র নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। 

“আমি মনে করি, ম্যাচটি এমন হবে, যেখানে আক্রমণ আমাদের রক্ষণের দুশ্চিন্তা কমাবে।”

ব্রাজিলের সঙ্গে শেষ দেখায় গত বছর বেইজিংয়ে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটাও ভালো হয়নি আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে তারা।

আর প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারের পর ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো ব্রাজিলের পয়েন্ট ৩।