২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও

ব্রাজিল ম্যাচের আগে আরও শক্তি হারিয়েছে আর্জেন্টিনার আক্রমণভাগ। লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরোর পর চোটের কারণে এবার ছিটকে পড়েছেন কার্লোস তেভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 02:26 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা
ব্রাজিলের বিপক্ষে ‘নাপোলির হিগুয়াইনকে’ চান দি মারিয়া

তেভেসকে নিয়ে শঙ্কার কথা গত সোমবারই জানিয়েছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। গত মঙ্গলবার তারা জানায়, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না বোকা জুনিয়র্সের এই ফরোয়ার্ড।

পেশির চোটের সঙ্গে বাঁ হাঁটুতে সমস্যা হওয়াতে মাঠের বাইরে থাকতে হচ্ছে ইউভেন্তুস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড তেভেসকে।

গত ২৬ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনা অধিনায়ক। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোও অনেক দিন ধরেই মাঠের বাইরে।

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের তৃতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই রাউন্ডে মাত্র এক পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টি জেতা ব্রাজিলের পয়েন্ট ৩।