২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিপক্ষে ‘নাপোলির হিগুয়াইনকে’ চান দি মারিয়া

গনসালো হিগুয়াইন তার নাপোলির ফর্মের অনুবাদ জাতীয় দলেও করতে পারবেন বলে আশা করছেন আনহেল দি মারিয়া। পিএসজির এই উইঙ্গারের বিশ্বাস, ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি আর সের্হিও আগুয়েরোর অভাব নাপোলির এই ফরোয়ার্ড পূরণ করতে পারবেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 07:34 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে জেরার্দো মার্তিনোর দল।

চোটের কারণে এই ম্যাচে মেসির না খেলা অনেক আগে থেকেই নিশ্চিত। এর পর ছিটকে পড়েন দেশটির আক্রমণভাগের আরেক তারকা আগুয়েরোও।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচের দলে ছিলেন না হিগুয়াইন। তবে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে গোল করতে না পারা এই ফরোয়ার্ডকে ব্রাজিল ম্যাচের দলে রেখেছেন মার্তিনো।

সেরি আতে এ মৌসুমে ১২ ম্যাচ খেলে ৯ গোল করা হিগুয়াইনকে নিয়ে আশাবাদী দি মারিয়া।

“পিপা (হিগুয়াইন) ফেরায় আমি খুশি। নাপোলির সঙ্গে তার খুব ভালো একটি মৌসুম কাটছে।”

“আশা করছি, এখানেও সে ধারবাহিকতা রাখতে পারবে। আমি আশা করি, সে আমাদের গোল পেতে সাহায্য করবে, যেটা আমরা পাচ্ছি না”, যোগ করেন দি মারিয়া।

ব্রাজিলের পর কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দি মারিয়া জানেন, দুটি ম্যাচই কঠিন। এর পরও এই দুই ম্যাচ থেকে পুরো ৬ পয়েন্ট পাওয়ার আশা ছাড়ছেন না তিনি।