জিয়াকে হারিয়ে ফাহাদের চমক
জাতীয় দাবার এবারের আসরে দারুণ এক চমক উপহার দিয়েছেন ফাহাদ রহমান। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার অষ্টম রাউন্ডের খেলায় গত আসরের চ্যাম্পিয়ন জিয়াকে হারান ফাহাদ। ৩৫ চালের মাথায় জয় তুলে নেন এই ফিদে মাস্টার।
অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ক্যান্ডিডেট মাস্টার মাহতাব উদ্দিন আহমেদকে এবং গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে হারান।
আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটেন।
রাকিব, রাজীব ও মিনহাজ ছয় করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
গত আসরের রানারআপ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জির সঙ্গে ড্র করেন।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে নিয়াজ দ্বিতীয় এবং তৈয়বুর ও দেবরাজ পাঁচ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
এই আসরে ৪ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন জাতীয় দাবাড়ু খেলছেন।
