২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদিনিয়োর সঙ্গে নেইমারের তুলনা

বল নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতা, ফ্লিক, সবশেষে দুর্দান্ত ভলিতে বল জালে- ভিয়ারিয়ালের বিপক্ষে নেইমারের এমন দুর্দান্ত গোল লুইস এনরিকেকে মনে করিয়ে দিচ্ছে ব্রাজিলের অন্যতম ফুটবল জাদুকর রোনালদিনিয়োকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

পুরনো খবর:

সময়ের 'সেরা' নেইমার
মেসির অভাব ঘুচাচ্ছেন নেইমার-সুয়ারেস
আরও উন্নতি চান নেইমার
দুর্দান্ত নেইমারে বার্সার আরেকটি জয়

রোববার ঘরের মাঠ কাম্প নউয়ে ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারানো ম্যাচে প্রথম ও শেষ গোলটি করেন নেইমার।

৮৫তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের করা দ্বিতীয় গোলটিই এনরিকেকে মনে করিয়ে দিচ্ছে রোনালদিনিয়োর জাদুকরী ফুটবল। মাঝমাঠে বল পেয়ে সুয়ারেসকে পাস দেন নেইমার। উরুগুয়ের স্ট্রাইকারের ফিরতি পাস পেট দিয়ে থামিয়ে ডান পায়ে ফ্লিক করে ওপরে তুলে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে ওই পায়ের ভলিতেই করেন দর্শনীয় গোলটি।

অমন চমৎকার গোল দেখে এনরিকের মনে প্রথমেই বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনিয়োর কথাই মনে পড়ল। নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে তাই সাবেক সতীর্থের প্রসঙ্গ টানলেন বার্সেলোনা কোচ।

রোনালদিনিয়োর সঙ্গে নেইমারের তুলনা টেনে এনরিকে বলেন, "রোনালদিনিয়োর পাশে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। অনুশীলনে আমরা দাঁড়িয়ে বল নিয়ে তার কারিকুরি দেখতাম। কিছু কিছু ক্ষেত্রে নেইমারের বিষয়টাও তাই, তারা বিশেষ খেলোয়াড়।"   

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ মোট ৬টি শিরোপা জেতা রোনালদিনিয়ো টানা দুই বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন।

আর ২০১৩ সালের জুলাইয়ে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপাসহ মোট পাঁচটি শিরোপা জেতেন নেইমার। গত মৌসুমে 'ট্রেবল' জয়েও দারুণ অবদান ছিল তার।

এই মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর গত কয়েক সপ্তাহে তো নেইমার হয়ে উঠেছেন বার্সেলোনার কাণ্ডারি। চোট পেয়ে লিওনেল মেসি ছিটকে পড়ার পর থেকে প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ গোল তার। চ্যাম্পিয়ন্স লিগেও আছে দুটি গোল।

তার মধ্যে ভিয়ারিয়ালের জালে অসাধারণ গোলটি করে নিজেকে যেন আরেকধাপ উপরে নিয়ে গেলেন নেইমার। তবে এনরিকের মতে, শুধু গোলই নয়, বল পায়ে নেইমারের সব কারুকাজই দেখার মতো। ঠিক যেন রোনালদিনিয়োর মতো।

"তার গোল অন্যদের চেয়ে আলাদা। তার খেলার ধরনও একই রকম। যেমন দলের জন্য সে যেভাবে কাজ করে এবং রক্ষণেও সাহায্য করে।"