মেসির অভাব ঘুচাচ্ছেন নেইমার-সুয়ারেস
লিওনেল মেসির শূন্যতায় বার্সেলোনার পথ হারানোর সব শঙ্কা উড়িয়ে দিয়েছে নেইমার-সুয়ারেস জুটি। আক্রমণভাগে লাতিন আমেরিকার এই দুই তারকার কাঁধে চড়ে এরই মধ্যে লা লিগার শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
রোববার রাতে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থানে ফেরে বার্সেলোনা। গত কয়েক ম্যাচের মতো এ দিনও তাদের জয়ে মূল অবদান নেইমার ও সুয়ারেসের।
ম্যাচের শেষ দিকে চমৎকার এক গোলসহ মোট দুটি গোল করেন নেইমার। অন্য গোলটি সুয়ারেসের। গত মৌসুমে বার্সেলোনার 'ট্রেবল' জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের।
গেল মৌসুমের সেই সুখস্মৃতির প্রসঙ্গ তুলে জেরার্দ পিকে বলেন, "নেইমার ও সুয়ারেস আমাদের ট্রেবল জয়ের চাবিকাঠি ছিল।"
গতবারের মতো এ মৌসুমেরও শুরু থেকেই দারুণ ছন্দে আছেন নেইমার-সুয়ারেস। গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে মেসির ছিটকে পড়ার পর থেকে তারা হয়ে উঠেছেন আরও দুর্দান্ত।
লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলে মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন সুয়ারেস। সেখানে মেসির চোট পাওয়ার ম্যাচ ও এর পরের আট ম্যাচে মোট ১২ গোল করেন তিনি। নেইমার তো আরও দুর্দান্ত, মেসিকে ছাড়া খেলতে নামা আট ম্যাচে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
মেসির অনুপস্থিতিতে নেইমার-সুয়ারেসের খেলা আট ম্যাচে বার্সেলোনার করা ২১ গোলের ১৮টিই আসে নেইমার ও সুয়ারেসের পা থেকে।
