২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামেসকে সুস্থ ফেরত চান রিয়াল কোচ

দেশের হয়ে খেলতে যেতে চোট কাটিয়ে সবে ফেরা হামেস রদ্রিগেসকে আটকাবেন না রিয়াল কোচ রাফায়েল বেনিতেস। তবে কলম্বিয়ার হয়ে খেলা শেষে সুস্থ অবস্থায় তারকা এই মিডফিল্ডারকে ফেরত চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:24 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১২ নভেম্বর চিলির বিপক্ষে খেলবে কলম্বিয়া। আর ১৭ নভেম্বর তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে।

গত সেপ্টেম্বরে জাতীয় দলে খেলতে গিয়ে উরূতে চোট পান রদ্রিগেস। তারপর থেকে মাঠের বাইরে কলম্বিয়া তারকা। লম্বা সময় বাইরে থাকার পর মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে খেলতে পারেন তিনি। এই ম্যাচের জন্য তাকে রেখেই দল ঘোষণা করেছেন বেনিতেস।  

সোমবার সংবাদ সম্মেলনে রদ্রিগেসকে নিয়ে কথা বলতে গিয়েই তার জাতীয় দলে যাওয়ার প্রসঙ্গে ওঠে।

বেনিতেস বলেন, "কলম্বিয়া ডাকলে সে যাবে। শুধু একটা বিষয় হলো- আমি আশা করি, সে অনেক গোল করবে এবং সুস্থ অবস্থায় ফিরবে।"