২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে গিয়েও হারল বাংলাদেশের কিশোররা

সৌদি আরবের বিপক্ষে ম্যাচে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসলেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশের কিশোররা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 08:20 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সৌদি আরব অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। জয়ী দলের মিডফিল্ডার মালি দুটি এবং আলমাস নাইফ মুসা, আলবরিকান ফেরাস তারিক ও হামাদ আদান একটি করে গোল করেন। বাংলাদেশের একমাত্র গোলদাতা সারোয়ার জামান নিপু।

সাফ অনূর্ধ্ব-১৬ এর চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি অনুপ্রেরণা নিয়ে এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে স্বাগতিকদের প্রথমার্ধে ভালোই চাপে রাখে সৌদি আরব। তবে সপ্তম ও ২৪তম মিনিটে তৈরি করা দুটি সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেনি অতিথিরা। প্রথমে তারিকের ক্রসে আবদুল্লাজিজ সুলাইমান শট নিলেও পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর সুলাইমানের ক্রসে তারিকের শট বাইরের জালে লাগে।

চাপে থাকা বাংলাদেশ ২৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায়। মুস্তাজিব খান থেকে মোহাম্মদ হৃদয় হয়ে বক্সের মধ্যে বল পেয়ে যান নিপু। আক্রমণ রুখতে একটু এগিয়ে আসা সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ হাশেমের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

বাংলাদেশের ডিফেন্ডারদের ব্যর্থতায় ৪০তম মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। কর্নার থেকে উড়ে আসা বল ফিস্ট করেন বাংলাদেশ গোলরক্ষক ফয়সাল আহমেদ। এরপর অতিথি দলের এক ফুটবলারের শটও গোললাইনের ওপর থেকে ফেরান বাংলাদেশের এক ডিফেন্ডার। কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। দুর্বল হেড থেকে সামনে থাকা সৌদি আরবের এক ফুটবলার বল পেয়ে যান। এরপর জটলার মধ্য থেকে ফয়সালকে পরাস্ত করেন অতিথি দলের অধিনায়ক মুসা।

দুই মিনিট পর এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পায় সৌদি আরব। তারিকের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে নেমে যায় বাংলাদেশ। লম্বা পাস ধরে আক্রমণে যাওয়া তারিককে ওয়ান টু ওয়ান পজিশনে আটকাতে গিয়ে বক্সের বাইরে এসে ফাউল করে লালকার্ড পান গোলরক্ষক ফয়সাল। পরিস্থিতির দাবি মেটানোর মাশুল গুণে চোখের জলে মাঠ ছাড়েন তিনি। ফয়সালের জায়গায় বাংলাদেশের পোস্টের নিচে দাঁড়ানো নুর আলম প্রতিপক্ষের ফ্রি-কিক রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন।

৫৬ তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডান দিক থেকে আক্রমণ সাজিয়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ঢিলেমির সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন তারিক। এর একটু পর সৌদি আরবের দুটি আক্রমণ পোস্টে বাধা পায়।

ব্যবধান আরও বাড়িয়ে নিতে শেষ দিকে সৌদি আরবের আক্রমণভাগ মরিয়া চেষ্টা চালাতে শুরু করে। ৭৬তম মিনিটে মালির শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-১ করেন সৌদি আরবের এই মিডফিল্ডার। বক্সের মধ্যে বাংলাদেশের ইমন খান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় সৌদি আরব। এর একটু পরই মালি তার দ্বিতীয় গোলটি করেন।

শেষ দিকে অতিথি দলের এক ফুটবলারের শট নুর রুখে দেওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন হামাদ আবদান।

আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।