কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
মাঠের প্রস্তুতি রোববার শুরু হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার মোহাম্মদ আমের খান।
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়া পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় নমপেনে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ সময় শনিবার দুপুর দেড়টায় কম্বোডিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। রোববার মাঠের প্রস্তুতি শুরু হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।
“আমরা সবাই সুস্থ শরীরে কম্বোডিয়া পৌঁছেছি। আগামীকাল (স্থানীয় সময়) সাড়ে ৪টায় অনুশীলন শুরু হবে। সবাই ভালো আছে।”
আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জামাল-জিকোরা।
২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।
এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবেন কারবেরা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।
কম্বোডিয়া রওনা দেওয়ার আগে কাবরেরা ঢাকায় চার দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন। বাকিটা কম্বোডিয়াতে গুছিয়ে নেওয়ার কথাও বলেছিলেন এই স্প্যানিশ কোচ।
যদিও সাফের লক্ষ্য নিয়ে কোচ কাবরেরা বা অধিনায়ক জামাল কেউই নির্দিষ্ট কোনো লক্ষের কথা বলেননি সংবাদ সম্মেলনে। জামাল বলেছিলেন, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আগে সেমি-ফাইনালে উঠতে চান। ‘ভালো কিছুর’ আশাবাদ শোনানো কাবরেরার কণ্ঠেও ছিল প্রায় একই সুর।
