বিশ্বকাপ ‘শেষ’ ইংল্যান্ডের চিলওয়েলের
ইংল্যান্ড জাতীয় দলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি।
ইংল্যান্ডের ডিফেন্ডার বেন চিলওয়েলের কাতার বিশ্বকাপে খেলার আশা একরকম শেষই হয়ে গেল। তার ক্লাব চেলসির পক্ষ থেকে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই লেফট-ব্যাকের বিশ্বকাপের আগে সেরে ওঠার তেমন সম্ভাবনা নেই।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার দিনামো জাগরেবের বিপক্ষে চেলসির ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান চিলওয়েল। যোগ করা সময়ে মাঠে পড়ে যান তিনি। ম্যাচ শেষে তাকে ক্রাচে ভর দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যেতে দেখা যায়।
বিশ্বকাপ নিয়ে শঙ্কা জেগেছিল তখনই। চেলসি কোচ গ্রাহাম পটারও তখন বলেছিলেন, চোটের ধরন ভালো ঠেকছে না।
এরপর শনিবার ডাক্তারি পরীক্ষায় তার গুরুতর চোট ধরা পড়েছে বলে জানায় চেলসি।
“রিপোর্টে দেখা যাচ্ছে, বেনের চোট বেশ গুরুতর এবং এই ডিফেন্ডার দুর্ভাগ্যবশত বিশ্বকাপে খেলতে পারবেন না।”
“বেন এখন ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করবেন।”
গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের সদস্য চিলওয়েল ক্রুসিয়েট লিগামেন্টে চোটের কারণে গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন। সুস্থ হয়ে দলে ফিরে এই মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি ম্যাচ খেলেন তিনি।
কিন্তু বিশ্বকাপের দুই সপ্তাহ আগে আরেক দফা চোটে তার ফুটবলের সবচেয়ে মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেল।
তার ছিটকে পড়া ইংল্যান্ড দলের জন্য অনেক বড় ধাক্কা। কেননা, চোটের কারণে আগেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আরেক চেলসি ডিফেন্ডার রিস জেমসের।
ইংল্যান্ডের দুর্ভাবনা আছে ম্যানচেষ্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার ও মিডফিল্ডার কেভিন ফিলিপসকে নিয়েও।
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। পরদিন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে ইংল্যান্ডের। ‘বি’ গ্রুপের অন্য দু্ই দল যুক্তরাষ্ট্র ও ওয়েলস।
