২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করতে রাজি নন রুবিয়ালেস

স্পেনের ফুটবল প্রধানের দাবি, ‘সামাজিক হনন’ এর শিকার হয়েছেন তিনি।

পদত্যাগ করতে রাজি নন রুবিয়ালেস

স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 06:23 PM

Updated : 25 Aug 2023, 06:37 PM

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারকে চুমু দেওয়ার ঘটনায় আছেন প্রবল চাপের মুখে। লুইস রুবিয়ালেসের পদত্যাগের দাবি ক্রমেই জোরাল হচ্ছে। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি জানিয়েছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না তিনি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

গত রোববার মেয়েদের বিশ্বকাপের ফাইনালের পর স্পেন ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। এরপর থেকেই তোপের মুখে আছেন স্পেনের ফুটবল প্রধান। বিভিন্ন সংবাদ মাধ্যমে গত বৃহস্পতিবার খবরে আসে যে, শুক্রবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস।

বিতর্কিত ওই ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার আরএফইএফ এক জরুরি সভা ডাকে। সেখানে নিজের অবস্থান তুলে ধরেন রুবিয়ালেস। দায়িত্ব না ছাড়ার পাশাপাশি দাবি করেন, ‘সামাজিক হনন’ এর শিকার হয়েছেন তিনি।

৪৫ বছর বয়সী রুবিয়ালেসের দাবি, ‘ভুয়া নারীবাদীরা’ তাকে ‘হত্যা করার চেষ্টা করছে।’ চুমুর ঘটনাটিকে তিনি ‘মুক্ত, পারস্পরিক সম্মতি’ হিসেবে ব্যাখা করেন। একই সঙ্গে বলেন, তিনি লড়াই চালিয়ে যাবেন।

“দুজনের সম্মতিতে ঘটা একটি ঘটনা কি আমাকে এখান থেকে সরিয়ে দেবে? আমি পদত্যাগ করব না। আমি শেষ পর্যন্ত লড়ব।”

এই বক্তব্যের পর সভায় উপস্থিত মূলত পুরুষদের কাছ থেকে করতালি পান রুবিয়ালেস।

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় বিতর্কিত এক কাণ্ড করে বসেন রুবিয়ালেস। মেডেল পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই তিনি আলিঙ্গন করেন। গালে ও কপালে চুমুও এঁকে দেন অনেকের। তবে এরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দেন।

সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে সমালোচনা হলে শুরুতে সমালোচনাকারীকে ‘ইডিয়ট’ বলেন রুবিয়ালেস। পরে সমালোচনার স্রোত তীব্রতর হলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আর আরএফইএফের মাধ্যমে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে পাঠানো এক বিবৃতিতে এরমোসো শুরুতে বলেছিলেন, ঘটনাটি ‘স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ’ ছিল।

তবে পরে পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন ও নিজের এজেন্সির মাধ্যমে এক যৌথ বিবৃতিতে রুবিয়ালেসের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চান এরমোসো।

রুবিয়ালেসের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় ফিফা। তিনি বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থার আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে আর্টিকেল ১৩ ধারা লঙ্ঘন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।