১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এনভিডিয়া ছাড়লে হুয়াংকে নিয়োগ দিতে পারা হবে ‘সম্মানের’: মাস্ক

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে কোম্পানি থেকে অপসারণের প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে।

এনভিডিয়া ছাড়লে হুয়াংকে নিয়োগ দিতে পারা হবে ‘সম্মানের’: মাস্ক

জেনসেনকে নিজেদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:06 PM

Updated : 12 Nov 2026, 04:06 PM

সম্ভাব্য এক চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের দাবির মধ্যেই তাকে নিজেদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

মার্কিন এই ধনকুবের বলেছেন, জেনসেনকে নিজের কোম্পানিতে নিয়োগ করা তার জন্য ‘সম্মানের বিষয়’ হবে। এর আগে গুঞ্জন উঠেছিল, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেনকে কোম্পানি থেকে অপসারণের প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে আর্থিক বিষয়ক ব্লগ ‘জিরো হেজ’ মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, “মাস্ক, অনুগ্রহ করে জেনসেনকে নিয়োগ দিন।”

এর জবাবে মাস্ক বলেছেন, “তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্মানের হবে।”

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিতে জেনসেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বুধবারই বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পায়, জেনসেনের সঙ্গে অন্য এক এনভিডিয়া নির্বাহীরও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ সংবাদের জেরে বাজার বন্ধের পরের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমেছে।

গেল সপ্তাহের শেষ থেকেই জেনসেন ও এনভিডিয়া সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এনভিডিয়ার প্রধান নির্বাহী নিজেই অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। এরপর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, অ্যালিস হুয়াংকে চীনের ‘মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি’ বা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগ করেছিল।

নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে, জেনসেনের ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্যই অ্যালিস এই কার্যক্রমে যুক্ত হয়েছিলেন। ‘হুয়াং লে’ নামেও পরিচিত তিনি।

এ ঘটনার পর কর্মস্থলে ফিরে এসে প্রথম দিনেই সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেন জেনসেন। তবে এর মধ্যেই বেশ কয়েকজন আইনপ্রণেতা তার পদত্যাগের জোরালো দাবি জানিয়েছেন।

বুধবার সেনেট ব্যাংকিং কমিটির সদস্য ও নর্থ ডেকোটার রিপাবলিকান সেনেটর কেভিন ক্র্যামার আবারও হুয়াংয়ের পদত্যাগের দাবি জানিয়েছেন।

এর আগে, ‘হাউস ওভারসাইট কমিটি’র সদস্য ও ভার্জিনিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি সুহাস সুব্রামানিয়াম এবং কংগ্রেস থেকে অবসরের পথে থাকা নেব্রাস্কার রিপাবলিকান প্রতিনিধি ডন বেকনও একই দাবি তুলেছিলেন।

ক্র্যামার বলেছেন, “নিজের বিবেকের তাড়না থেকেই তার পদত্যাগ করা উচিত।”

আরও পড়ুন…

এনভিডিয়া সিইও হুয়াংয়ের ভাগ্য নির্ধারণে বৈঠকে বোর্ড