০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল: স্পিকার

“চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়,” বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিএনপির ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:39 PM

Updated : 09 Nov 2026, 09:39 PM

গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়।”

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুর বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, “জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষা করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।”

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এই ইতিহাস দেশের জাতীয় পরিচয়ের ভিত্তি। ২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।”

সংসদে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন মত ও ভিন্ন পথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য।”

সংসদের কার্যক্রমে সংসদীয় রীতি-নীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের পরে স্পিকার অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। তারা হলেন- মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ক্রম অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে গ্রহণ করে সংসদ।

প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। পরে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।