২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামের সঙ্গে বেনজেমার মতোই জুটি গড়ার আশায় ভিনিসিউস

বেনজেমার বদলে রেয়াল মাদ্রিদ কোনো স্ট্রাইকারকে দলে নেয়নি, তবে এখনও পর্যন্ত সেই অভাব বুঝতে দিচ্ছেন না মিডফিল্ডার বেলিংহ্যাম।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 12:39 PM

Updated : 20 Aug 2023, 03:00 PM

মৌসুমের শুরুতে রেয়াল মাদ্রিদকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি ছিল, ‘করিম বেনজেমার গোলগুলি এবার কে করবেন?’ আপাতত সেই প্রশ্নের উত্তর, ‘জুড বেলিংহ্যাম।’ যদিও তিনি মিডফিল্ডার। দলে এখনও নবীন। তবে লা লিগায় তার শুরুটা হয়েছে চমকপ্রদ। ইংলিশ এই তরুণ এতটাই মুগ্ধতা উপহার দিয়েছেন যে, তার সঙ্গেই এখন বেনজেমার মতো ভয়ঙ্কর এক যুগলবন্দি গড়ে তোলার আশা করছেন ভিনিসিউস জুনিয়র। 

গত দুই মৌসুমে রেয়ালের আক্রমণভাগে ভয়ঙ্কর এক জুটি গড়ে তুলেছিলেন বেনজেমা ও ভিনিসিউস। দুজন মিলে এই সময়ে গোল করেন ৭৩টি। তবে এই মৌসুমেই বেনজেমা যোগ দেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। ভেঙে যায় এই জুটি।

এরপর এখনও পর্যন্ত কোনো স্ট্রাইকার যোগ করেনি রেয়াল। কিলিয়ান এমবাপেকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বাস্তবে কোনো অগ্রগতির খবর নেই। রেয়াল কোচ কার্লো আনচেলত্তি বেশ কবারই বলেছেন, দলে কোনো ফরোয়ার্ড যোগ করার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।

অবশ্য ধারে হোসেলুকে দলে নিয়েছে রেয়াল, তবে তিনি তো আর মূল স্ট্রাইকার নন। নিয়মিত শুরুর একাদশে থাকার মতো নয়। গোল করা নিয়ে তাই একটু দুর্ভাবনার জায়গা ছিলই। কিন্তু লিগের শুরুতে তা দূর করেছেন বেলিংহ্যাম। প্রথম ম্যাচে দৃষ্টিনন্দন এক গোল করেন তিনি। দ্বিতীয় ম্যাচে শনিবার আলমেরিয়ার বিপক্ষে গোল করেন দুটি। পরে ভিনিসিউস গোল করেন বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়েই।

রেয়ালের জার্সিতে লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই ম্যাচ সেরা বেলিংহ্যাম। ২০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে এখন এই ধারা ধরে রাখার আশায় বুক বাঁধছেন আরেক প্রতিভাবান ফুটবলার ২৩ বছর বয়সী ভিনিসিউস।

“এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। জুড (বেলিংহ্যাম) সবসময় গোল করেই যাচ্ছে… আমি ও দলের অন্যরা সহায়তা করছি। এভাবে খেলে যেতে পারলে এই মৌসুমে অনেক সাফল্য ধরা দেবে আমাদের…।”

“আশা করি, ওর সঙ্গে আমার এই সংযোগ করিমের (বেনজেমা) মতোই হবে, যা আমাদেরকে অনেক গোল এনে দিয়েছিল, অনেক গোলে সহায়তা ছিল এবং ভালো ফুটবল খেলতে সহায়তা করেছিল।”

প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভিনিসিউস। এবার তিনি গোল করেন চোখধাঁধানো এক ফিনিশিংয়ে। মৌসুমে প্রথমবার জাল খুঁজে পাওয়ার স্বস্তি ফুটে উঠল তার কণ্ঠে।

“কিছুটা সৌভাগ্যবান ছিলাম আমি (গোলটি করার ক্ষেত্রে), মৌসুমে নিজের প্রথম গোলটি করতে পেরে খুবই খুশি। এভাবেই চালিয়ে যেতে হবে, আমাকে এবং দলের সবাইকে।”