২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিকে ঘুষি মেরে আজীবন নিষিদ্ধ আংকারাগুজুর সভাপতি

ওই ঘটনার দায়ে টার্কিশ ক্লাব আংকারাগুজুকেও শাস্তি দিয়েছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 04:20 PM

Updated : 15 Dec 2023, 04:28 PM

রেফারিকে ঘুষি মারার দায়ে এমকেই আংকারাগুজুর সভাপতি ফারুক কোচাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

ওই ঘটনাটি ঘটে টার্কিশ লিগে গত সোমবারের ম্যাচে। সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজু জয়ের পথেই ছিল। কিন্তু একেবারে শেষ দিকে গোল হজম করে হেরে বসে দলটি। এতে মেজাজ হারিয়ে আংকারাগুজু সভাপতি মাঠে ঢুকে রেফারি হালিল উমুত মেলেরকে ঘুষি মেরে বসেন। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। সবার ঘুষি-লাথিতে মাঠেই লুটিয়ে পড়েন রেফারি।

সভাপতিকে নিষিদ্ধ করা ছাড়াও ক্লাব আংকারাগুজুকেও শাস্তি দিয়েছে টিএফএফ। নিজেদের সমর্থক ও ক্লাব অফিসিয়ালদের নিয়ে ‘অস্থিতিশীল পরিবেশ’ তৈরি করার দায়ে টার্কিশ ফুটবলের সুপার লিগের ক্লাবটিকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ঘরের মাঠে দলটিকে পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য গ্যালারিতে।

ওই ঘটনার কারণে ক্লাবটির আরও কয়েকজন অফিসিয়ালকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি জরিমানা করেছে সংস্থাটি। কয়েকজনকে করা হয়েছে সতর্ক।

ঘটনার পরপরই অনির্দিষ্টকালের জন্য লিগের সব ম্যাচ স্থগিত করে কর্তৃপক্ষ। আর তার পরদিন কোচাকে গ্রেপ্তার করা হয়।

এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী মঙ্গলবার লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছে টিএফএফ।

ঘটনার শিকার রেফারি মেলের সুস্থ হয়ে উঠেছেন। গত বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।