Published : 07 Jan 2023, 07:30 PM
সময়ের সেরা তরুণ খেলোয়াড়দের একজন জুড বেলিংহ্যাম খেলার মাঠে ভুল করেন খুব কমই। তবে মাঠের বাইরে বড় এক ভুল করে বিপাকেই পড়তে যাচ্ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। পাসপোর্ট ছাড়াই যে চলে গিয়েছিলেন বিমানবন্দরে! পরে তার মা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ঠিকঠাক মতোই বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে স্পেনে যান এই ফুটবলার।
বিশ্বকাপের পর ছুটি কাটাতে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন বেলিংহ্যাম। এরপর গত সপ্তাহে যোগ দেন ডর্টমুন্ডের অনুশীলনে।
জার্মান ফুটবলে এখন চলছে শীতকালীন বিরতি। এই সময়ে মধ্য-মৌসুম অনুশীলন ক্যাম্পের জন্য এখন স্পেনে আছে ডর্টমুন্ডে।
এই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বিমানবন্দরে গিয়ে বেলিংহ্যাম বুঝতে পারেন, পাসপোর্ট আনতে ভুলে গেছেন তিনি। এরপর ১৯ বছর বয়সী এই ফুটবলারের মা ডেনিস তার ছেলের পাসপোর্ট নিয়ে আসেন। ফ্লাইট আর তাই মিস হয়নি তার।
স্পেনে পা রেখে বিষয়টি নিয়ে মজা করে ইনস্টাগ্রামে স্টোরিতে বেলিংহ্যাম লেখেন, “ছোট সমস্যা, তবে আমরা চলে এসেছি।”