রেকর্ড গড়লেও তা 'জীবন বদলে দেবে না' গুয়ার্দিওলার
সাফল্যের কৃতিত্ব কেবল খেলোয়াড়দের দিতে চান ম্যানচেস্টার সিটি কোচ।
সাফল্য প্রাপ্তি, কিংবা পাওয়ার হাতছানি যেকোনো কোচের কাছেই আনন্দের। কিন্তু পেপ গুয়ার্দিওলা যেন অন্য ঘরানার! তার সামনে হাতছানি এবারের লিগ কাপ জিতে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে ছাড়িয়ে যাওয়ার। তবে মাইলফলক নিয়ে তেমন কোনো আগ্রহ নেই ম্যানচেস্টার সিটি কোচের! বললেন, এসবের কোনো প্রভাবই পড়বে না তার জীবনে।
২০১৬ সালে সিটির কোচ হওয়ার পর লিগ কাপে গুয়ার্দিওলার সাফল্যের পাল্লা বেশ ভারি। তার হাত ধরে এ পর্যন্ত এই টুর্নামেন্টের চারটি শিরোপা জিতেছে দলটি। কোচ হিসেবে এই প্রতিযোগিতায় গুয়ার্দিওলার সমান চ্যাম্পিয়ন হয়েছেন ফার্গুসন, জোসে মরিনিয়ো ও ব্রায়ান ক্লগ।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে সিটি।
সাউথ্যাম্পটন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, রেকর্ড গড়া নিয়ে তিনি ভাবেন কি-না। জবাবে সাবেক বার্সেলোনা কোচ বলেন, 'একেবারেই না'।
“আমরা এটি (লিগ কাপ) জিততে চাই, কিন্তু স্যার অ্যালেক্সের (ফার্গুসন) চেয়ে বেশি কিছু পাওয়ার ব্যাপারটা আমার জীবনকে পরিবর্তন করবে না। ব্রায়ান (ক্লগ) এবং স্যার অ্যালেক্সের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
“এটা শুধু শিরোপার বিষয় নয়, আমরা যেভাবে কাজ করি, যেভাবে খেলি, অনেক ম্যাচ, অনেক বছর পরও উঁচু মান বজায় রাখার মতো অনেক কিছুই চমৎকার হয়েছে। আমি অনেকবার বলেছি যে, সাফল্যের কৃতিত্ব কেবল খেলোয়াড়দের।”
