২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনায় কাঁদলেন ফাইনালের রেফারি

এসব সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে চোখে জল ধরে রাখতে পারেননি কোপা দেল রের ফাইনালের রেফারি।

রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনায় কাঁদলেন ফাইনালের রেফারি
সংবাদ সম্মেলনে চোখে জল ধরে রাখতে পারেননি রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 02:22 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের কোপা দেল রের ফাইনালের আগের দিন ম্যাচটির রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার চোখে দেখা গেল জল। সংবাদ সম্মেলনে এই স্প্যানিয়ার্ড বললেন, তাকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপরও।

ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি। তাদের বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দে বুর্গোসের দায়িত্বে থাকা ম্যাচে রেয়াল ও বার্সেলোনার জয়ের হার, তার কোনো চ্যাম্পিয়ন্স লিগ বা ফিফা টুর্নামেন্টে রেফারিং না করা এবং তার করা কিছু ভুলের কথা উল্লেখ করা হয়।

সেভিয়ায় শনিবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই নিয়ে চতুর্থবার ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন দে বুর্গোস।

আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে চোখে জল ধরে রাখতে পারেননি দে বুর্গোস।

“যখন সন্তান স্কুলে যায় এবং সহপাঠীরা তাকে বলে যে, তার বাবা একজন ‘চোর’ এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, তখন তা খুবই কষ্টদায়ক।”

“আমি যা করি তা হলো আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি, বলি যে, তার বাবা একজন সৎ মানুষ, তিনি যেকোনো খেলোয়াড়ের মতোই ভুল করতে পারেন।”

বিষয়টি নিয়ে এখনই সবার খুব গভীরভাবে ভাবা উচিত বলে মনে করেন ৩৯ বছর বয়সী দে বুর্গোস।

“আমার অনেক সহকর্মী, আমরা যেসবের মধ্যে দিয়ে যাচ্ছি, তা ঠিক নয়, শুধু পেশাদার ফুটবলেই নয়, তৃণমূল পর্যায়েও। প্রত্যেকেরই ভাবা উচিত আমরা কোথায় যেতে চাই, খেলাধুলা ও ফুটবল থেকে আমরা কী চাই।”

আসছে ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে থাকা পাবলো গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তারা।

“আমরা সত্যিকার পদক্ষেপ নেওয়া শুরু করতে যাচ্ছি, যা ঘটছে তা আর মেনে নেব না আমরা।”

“কয়েক দিনের মধ্যে আপনারা সবাই দেখতে পাবেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি… ধর্মঘটের ডাক? শিগগিরই জানতে পারবেন।”

গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল মাদ্রিদ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।

রেয়ালের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি। কান্নাকাটি করে রেয়াল ‘মিথ্যা গল্প’ বানাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আরও পড়ুন:

'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস

রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'

ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ

রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ

ফাইনালের আগে ফিনিশিংয়ে ব‍্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা

চমক নিয়ে অপেক্ষায় ইয়ামাল

ফাইনালের রেফারি পরিবর্তন চায় রেয়াল মাদ্রিদ