১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেন: ১৬ বছর বয়সী আন্দ্রেভার কাছে বিধ্বস্ত জাবের

তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্টকে হারিয়ে চমক দেখালেন রাশিয়ার টিনএজার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 05:09 PM

Updated : 17 Jan 2024, 05:09 PM

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে বড় অঘটনের জন্ম দিয়েছেন টিনএজার মিরা আন্দ্রেভা। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট ওন্স জাবেরকে সরাসরি সেটে উড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন রাশিয়ার ১৬ বছর বয়সী এই খেলোয়াড়।

মেলবোর্নে বুধবার র‍্যাঙ্কিংয়ে ৪৭তম স্থানে আন্দ্রেভার সামনে কোনো পাত্তাই পাননি ৬ নম্বরের জাবের। গত দুইবারের উইম্বল্ডন ফাইনালিস্ট ২৯ বছর বয়সী এই তারকা ৫৪ মিনিটেই ৬-০, ৬-২ গেমে হেরে যান।

গত বছরের ফরাসি ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে অভিষেক হয় আন্দ্রেভার। জাবেরকে নিজের ‘আদর্শ’ মানেন তিনি। এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত এই কিশোরী।

"তার (জাবের) বিপক্ষে খেলাটা আমার স্বপ্ন ছিল, কারণ তিনি যেভাবে খেলেন, আমার সত্যিই ভালো লাগে। এই ম্যাচ জয়ের অর্থ অনেক।”

চেক রিপাবলিকের লিন্দাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন মেলবোর্নে নারী এককে গতবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।