২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফরাসি কাপ জিতে তুলুজের ইতিহাস

এই প্রথম মেজর কোনো শিরোপা জিতল তুলুজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 03:20 AM

Updated : 30 Apr 2023, 03:34 AM

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠাল তুলুজ। প্রথমার্ধেই আরও দুটি গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে দিল তারা। শেষ পর্যন্ত নঁতের ওপর আধিপত্য ধরে রেখেই ফরাসি কাপে চ্যাম্পিয়ন হলো তুলুজ।

প্যারিসে শনিবার রাতে ফরাসি কাপের ফাইনালে ৫-১ গোলে জিতেছে তুলুজ। এটাই তাদের প্রথম কোনো বড় শিরোপা।

চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি সেন্টার-ব্যাক লোগান কস্তা। আর ২৩ ও ৩১তম মিনিটে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড তেইস দলিংখা।

এই শতাব্দীতে এর আগে মাত্র দুটি দল ফরাসি কাপের ফাইনালে তিনটি গোল করতে পেরেছিল; ২০১৩ সালে বোর্দো (এভিয়ঁর বিপক্ষে ৩-২) এবং ২০১৬ সালে পিএসজি (মার্সেইয়ের বিপক্ষে ৪-২)।

৭৫তম মিনিটে এক গোল শোধ করে নঁতের ফরাসি মিডফিল্ডার লুদভিক ব্লাস। এর চার মিনিট পরেই মরক্কোর ফরোয়ার্ড জাকারিয়া আবুখলাল আবার চার গোলের ব্যবধান পুনরুদ্ধার করেন। বিশাল জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে তুলুজ।

২০১৯-২০ মৌসুমে লিগ ওয়ান থেকে অবনমনের পর এই মৌসুমেই আবার শীর্ষ প্রতিযোগিতাটিতে ফেরে তুলুজ।

লিগ ওয়ানে ফেরার আসরে অবশ্য এখন পর্যন্ত আহমরি কিছু করতে পারেনি দলটি। তবে ভালোমতোই টিকে থাকার পথে আছে তারা। ৩২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।