ধারে রিয়ালে ফিরলেন হোসেলু
এস্পানিওল থেকে পাকাপাকিভাবে এই ফরোয়ার্ডকে কিনে নেওয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের।
পুরনো ক্লাবে ফিরলেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু। এস্পানিওল থেকে পুরো মৌসুমের জন্য তাকে ধারে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সফলতম ক্লাবটি সোমবার এক বিবৃতিতে হোসেলুকে দলে ভেড়ানোর কথা জানায়। ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে স্থায়ীভাবে কিনে নেওয়ারও সুযোগ রয়েছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ার হয়ে দুই মৌসুম খেলেন হোসেলু। রিয়ালের মূল দলের হয়ে দুটি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড পরে যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে।
ইংলিশ ক্লাব স্টক সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের হয়েও খেলেন হোসেলু। গত মৌসুমে এস্পানিওলের হয়ে ৩৩ ম্যাচে ১৬ গোল করেন তিনি।
গত মার্চে স্পেনের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ক্রোয়েশিয়াকে হারিয়ে রোববার নেশন্স লিগ জয়ী স্প্যানিশ দলে ছিলেন তিনি।
