দল ‘শতভাগ উজ্জীবিত’ ছিল না, মেনে নিলেন রিয়াল মাদ্রিদ কোচ
বার্সেলোনাকে হারানোর পর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে দলকে অনুপ্রাণিত করা ছিল কঠিন, বললেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
পেছনে কোপা দেল রের সেমি-ফাইনালে নিজেদের উজাড় করে দেওয়া পারফরম্যান্স। সামনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে সবটুকু ঢেলে দেওয়ার প্রস্তুতি। এই দুই ম্যাচের মাঝখানে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লা লিগার ম্যাচে দলকে অনুপ্রাণিত করা কঠিন ছিল বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। পারফরম্যান্সের ঘাটতিও অবশ্য অকপটেই স্বীকার করলেন তিনি। সেখানে তার কাঠগড়ায় দলের সবাই।
কোপা দেল রের সেমি-ফাইনালে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার দুই দিন পরই আবার লা লিগার ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে বুধবার যে বিধ্বংসী রিয়ালকে দেখা গেছে, তা শনিবার ছিল উধাও। নিজেদের মাঠেই তারা ৩-২ গোলে হেরে গেছে ভিয়ারিয়ালের কাছে।
দুই দফায় এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি রিয়াল। সেই দায় রক্ষণভাগকে দিলেন আনচেলত্তি। আঙুল তুললেন তিনি দলের সবার দিকেই।
“ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। যে ধরনের ফুটবল খেলার সামর্থ্য আমাদের আছে, তা আমরা পারিনি। তবে পরাজয়টাও প্রাপ্য ছিল না, কারণ আমরা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতাম আমরা। এরপরই ছন্দ হারিয়ে ফেলি।”
“ভারসাম্যে সমস্যা ছিল আমাদের এবং বল কেড়ে নিতেও পারিনি ঠিকঠাক। ভিয়ারিয়াল খুব ভালোভাবে বল নিয়ন্ত্রণ করতে পেরেছে। রক্ষণে আরও ভালো করা উচিত ছিল আমাদের। তবে ভারসাম্যের ঘাটতিই ছিল মূল সমস্যা। তবে কোনো একজনের সমালোচনা করতে চাই না আমি, কারণ সবার পারফরম্যান্সই আজকে স্বাভাবিকের চেয়ে নিচে ছিল।”
বার্সেলোনার বিপক্ষে দারুণ জয়ের একাদশ থেকে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ। কারণটাও বোধগম্য। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে চেলসির বিপক্ষে লড়াই। লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে এই ম্যাচের আগেই অনেকটা পেছনে রিয়াল। তাই লিগের ম্যাচে দলকে উজ্জীবিত করাটা সহজ ছিল না, বললেন আনচেলত্তি।
“তুলনামূলক বেশি দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝখানে আরেকটি ম্যাচের জন্য দলকে তৈরি করা কঠিন। একাদশে অনেকগুলো বদল এনেছিলাম, কারণ বার্সেলোনার ম্যাচটি শারীরিক ও মানসিকভাবে অনেক কিছু নিয়েছে আমাদের থেকে। শতভাগ অনুপ্রাণিত হওয়া কঠিন ছিল, কারণ বার্সেলোনা ম্যাচে আমরা সবটুকু উজাড় করে খেলেছি।”
আনচেলত্তির বিশ্বাস, এই পরাজয় দলের ছন্দ নষ্ট করবে না, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালকে স্বরূপেই দেখা যাবে।
“এমনটি হতেই পারে। যদিও এই হার হতাশার। তবে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমাদের তাড়নায় কোনো প্রভাব ফেলবে না এই হার। বুধবারের ম্যাচ হবে আলাদা, পুরোপুরি ভিন্ন কিছু।”
লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে আগে থেকেই ১২ পয়েন্ট পেছনে রিয়াল। পরের ম্যাচ জিতলে ব্যবধান ১৫তে নিয়ে যেতে পারবে চিরপ্রতিদ্বন্দ্বিরা। তবে আনচেলত্তি বললেন, লিগেও লড়াই চালিয়ে যাবেন তারা।
“আমরা হাল ছাড়ব না। এখনও লিগে ১০টি ম্যাচ বাকি আছে এবং যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করতে নিজেদের সবটুকু দিয়ে খেলব আমরা।”
