স্ট্রাইকার কেনার কথা ভাবছেন না আর্তেতা
বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের নিজেদের সামর্থ্যে আস্থা রাখার পরামর্শও দিয়েছেন আর্সেনাল কোচ।
পারফরম্যান্সের সূচক পরের ধাপে নিয়ে যেতে আক্রমণভাগে স্ট্রাইকারের প্রয়োজনীয়তা অনুভব করছেন আর্সেনাল সমর্থকদের একটা অংশ। তবে মিকেল আর্তেতার তা মনে হচ্ছে না। ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দেওয়ার পর আর্সেনাল কোচ আগের মতোই জানিয়েছেন, বর্তমান দল নিয়ে খুশি তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গাব্রিয়েল মাগালিয়াইস দলকে এগিয়ে নেওয়ার পর প্যালেস গোলরক্ষকের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ড ব্যবধান আরও বাড়ানোর পর গাব্রিয়েল মার্তিনেল্লির শেষ দিকের দুই গোলে বড় জয় নিশ্চিত হয় আর্সেনালের।
দাপুটে এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি; তবে পেপ গুয়ার্দিওলার দল কম খেলেছে একটি ম্যাচ। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।
সিটি ও লিভারপুলকে টেক্কা দিতে আর্সেনালের আক্রমণভাগের শক্তি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন দলটির সমর্থকদের কেউ কেউ। তাদের ধারণা ছিল, চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন স্ট্রাইকার দলে টানবেন আর্তেতা। কিন্তু প্যালেস ম্যাচের পর সমর্থকদের চাওয়ায় যেন জল ঢেলে দিলেন কোচ।
“আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নিশ্চিত করতে হবে, খেলোয়াড়রা যেন নিজেদের উপর আস্থা রাখে এবং আত্মবিশ্বাসী থাকে। যদি তারা নিজেদের সামর্থ্যে সন্দিহান হয়, তাহলে সেটা সাহায্য করবে না। দলে যারা আছে, তাদের নিয়েই খুশি আমরা।”
এ মাসের শুরুর দিকে লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে ছিটকে যাওয়ার পর দলে নতুন স্ট্রাইকারের প্রয়োজন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আর্তেতা। সেসময়ও তিনি বলেছিলেন একই কথা।
“এই মুহূর্তে আমার কাছে বিষয়টি (নতুন স্ট্রাইকার কেনা) বাস্তবসম্মত দেখাচ্ছে না। আমার কাজ হচ্ছে, দলে যে খেলোয়াড় আছে, তাদের উন্নত করা এবং তাদের নিয়ে আরও ভালো ফল পাওয়ার চেষ্টা করা।”
