২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসকে নিয়ে ফের আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী স্লোগান

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে এই কাণ্ড ঘটান আতলেতিকো মাদ্রিদের একদল সমর্থক, এ নিয়ে অভিযোগ দায়ের করবে লা লিগা।

ভিনিসিউসকে নিয়ে ফের আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী স্লোগান

ভিনিসিউস জুনিয়র

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 10:19 PM

Updated : 14 Mar 2024, 10:42 PM

রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের প্রতি আতলেতিকো মাদ্রিদের উগ্র সমর্থকদের বর্ণবাদী আচরণ যেন থামছে না কোনো কিছুতেই। এবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বর্ণবাদী স্লোগান দিয়েছে আতলেতিকোর একদল সমর্থক। এ নিয়ে স্পেনের প্রসিকিউটর অফিসে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে লা লিগা।

ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগা বৃহস্পতিবার অভিযোগ দায়ের করার কথা তাদের নিশ্চিত করেছে। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ বলেছে, ভিনিসিউসকে উদ্দেশ্য করে ‘ভিনিসিউস শিম্পাঞ্জি’ স্লোগান দেওয়া হয় এবং সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে তা শোনা যায়। 

এমন একটি ভিডিও এক্স-এ শেয়ার করে ওই সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উয়েফার কাছে দাবি জানিয়েছেন ভিনিসিউস।

“আমি আশা করি, তাদের শাস্তি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা ভাবছেন... দুঃখজনক সত্য যে, এমন একটি ম্যাচে এটি ঘটেছে, যেখানে আমি উপস্থিত নেই!”

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোর বাইরে জড়ো হওয়া কিছু সমর্থক এই বর্ণবাদী স্লোগান দেয়।

যদি স্টেডিয়াম অঞ্চলে কোনো ঘটনা ঘটে এবং তা রিপোর্ট করা হয়, তাহলে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা ব্যবস্থা নিতে পারে।

লা লিগা বলেছে, তাদের প্রতিযোগিতার ম্যাচ না হওয়া স্বত্বেও ঘৃণা ও বৈষম্যমূলক অপরাধের জন্য তারা প্রসিকিউটর অফিসে অভিযোগ দায়ের করবে।

পাঁচ বছর আগে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে অনেকবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস। লা লিগাও কর্তৃপক্ষের কাছে অসংখ্য অভিযোগ দায়ের করেছে।

গত জানুয়ারিতে ওয়ান্দা মেত্রোপলিতানোর গেটে আতলেতিকোর কয়েকজন সমর্থক চিৎকার করে বলতে থাকে, ‘ভিনিসিউস, তুমি বানর।’ তার আগে সেপ্টেম্বরের মাদ্রিদ ডার্বিতেও একই অভিজ্ঞতা হয় রেয়াল তারকার।

২০২৩ সালের জানুয়ারিতে রেয়ালের অনুশীলন মাঠের সামনে একটি সেতুতে ভিনিসিউসের জার্সি পরানো একটি কালো প্রতিকৃতি ঝুলিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় চার জনকে আটক করা হয়। পরে বড় অঙ্কের জরিমানা করা হয় এবং সব ধরনের ভেন্যু থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয় দুই বছরের জন্য।

ওই বছরের মে মাসে ভালেন্সিয়ার মাঠে লিগ ম্যাচের সময় ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে তিন জনকে অভিযুক্ত করা হয়।

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং দেশটির সরকার।

স্পেনে বর্ণবাদ নিয়ে সচেতনতা বাড়াতে আগামী ২৬ মার্চ রেয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ব্রাজিল।