২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের চোখে ম্যাগুইয়ার সবার জন্য ‘উদাহরণ’

আত্মঘাতী গোল ও বাজে ভুল করে প্রবল সমালোচনার জন্ম দিলেও এই ডিফেন্ডারের কাঁধে ভরসার হাত রাখছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 12:05 PM

Updated : 22 Apr 2023, 01:46 PM

সমালোচনার তীর ধেয়ে আসছে নানা দিক থেকে। ইউরোপা লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ছিটকে যাওয়ায় অনেকের কাঠগড়ায় হ্যারি ম্যাগুইয়ার। দুই লেগেই তাদের ব্যর্থতার বড় কারণ মনে করা হচ্ছে তাকে। তবে দুঃসময়ে এই ডিফেন্ডার পাশে পাচ্ছেন কোচকে। এরিক টেন হাগ জোর দিয়েই বললেন, ম্যাগুইয়ার এখনও দলের গুরুত্বপূর্ণ অংশ। 

ম্যাগুইয়ারের পারফরম্যান্সে ভাটার টান বেশ কিছুদিন ধরেই। সংবাদমাধ্যমে সমালোচনা, সামাজিক মাধ্যমে ট্রল হয়ে আসছে তাকে নিয়ে। তবে সম্প্রতি তিনি আরও আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছেন ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে। 

প্রথম লেগে শেষ মুহূর্তে তার আত্মঘাতী গোলেই জয় হাতছাড়া করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে তার ভুল ছিল যদিও খুব সামান্যই। ভুল সময়ে ভুল জায়গায় থাকার খেসারত দিতে হয়েছিল তাকে। তবে পরের লেগে তার বাজে ভুলেই গোল করে সেভিয়া এগিয়ে যায়। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইউনাইটেড। 

সংবাদমাধ্যম ও সমর্থকদের অনেকে যথারীতি তাকে শূলে চড়াচ্ছেন। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে এরিক টেন হাগ জানিয়ে দিলেন, তার ও দলের আস্থা এখনও আছে ৩০ বছর বয়সী এই ডিফেন্ডারের ওপর। 

“দলে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। সে দলের অধিনায়ক, দলকে নেতৃত্ব দেয়, ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, সম্পৃক্ত থাকে এবং দলকে উজ্জীবিত করে। অনুশীলনে সবার জন্যই সে দারুণ এক উদাহরণ।” 

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে আগে থেকেই সেভাবে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। এখন ছিটকে গেছে ইউরোপা লিগ থেকেও। এবার অবশ্য লিগ কাপ তারা জিততে পেরেছে। এখনও টিকে আছে এফএ কাপে সাফল্যের সম্ভাবনা। 

সব মিলিয়ে চলতি মৌসুমে ইউনাইটেড অনেক উন্নতি করেছে বলেই দাবি করলেন টেন হাগ। তবে আরও অনেক উন্নতির সুযোগ যে আছে, তুলে ধরলেন সেটিও। 

“আমার ভাবনা কেবল এই দল ও এই ফুটবলারদের উন্নতি নিয়ে। ফুটবলারদের নিয়ে সেটিই আমার ও কোচিং স্টাফদের কাজ। আমাদের সবটুকু মনোযোগ প্রক্রিয়া ধরে রাখায়। মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে নেয়, এমন কিছু নিয়ে ভাবনা নেই আমাদের।” 

“আমি জানি, এই দল আরও উন্নতি করতে পারে। এই মৌসুমে অনেকবারই তারা তা প্রমাণ করেছে। এই মৌসুমে আমরা বিশাল উন্নতি করেছি। তবে এখনও অনেক পথ বাকি আছে। আরও অনেক খেলা আমাদের বাকি আছে এবং উন্নতি প্রমাণের সুযোগ আছে।” 

এফএ কাপের সেমি-ফাইনালে রোববার ব্রাইটনের মুখোমুখি হবে টেন হাগের দল।