লেভানদোভস্কির লাল কার্ডকে ‘অন্যায্য’ বলছেন শাভি
১০ জন নিয়ে খেলে ওসাসুনার বিপক্ষে জয়ের পর রেফারিকে কাঠগড়ায় তুললেন বার্সেলোনা কোচ।
বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে ওসাসুনার বিপক্ষে জয়ের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। রবের্ত লেভানদোভস্কির লাল কার্ডসহ তারা রেফারির একাধিক ‘ভুল’ সিদ্ধান্তের শিকার হয়েছেন বলে মনে করেন তিনি।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জেতে বার্সেলোনা। বিশ্বকাপ বিরতির আগে তাদের শেষ ম্যাচ ছিল এটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে সতীর্থের কর্নারে হেডে ওসাসুনাকে এগিয়ে নেন দাভিদ গার্সিয়া। ওই সময়ে প্রতিপক্ষের একজনের ধাক্কায় বক্সে পড়ে যান বার্সেলোনা ডিফেন্ডার মার্কোস আলোনসো। ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
এরপর ৩১তম মিনিটে মাঝমাঠের কাছাকাছি গোলদাতা গার্সিয়াকে অহেতুক বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। একবার শূন্যে থাকা বলের দিকে তাকিয়ে, আবার গার্সিয়ার দিকে দেখেও তার গায়ের ওপর লাফিয়ে কনুই দিয়ে গলায় আঘাত করেন পোলিশ স্ট্রাইকার।
বিরতির বাঁশি বাজার পর বেঞ্চে থাকা জেরার্দ পিকে মাঠে নেমে রেফারির সঙ্গে তর্কে জড়ান। লাল কার্ড দেখেন তিনিও। পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামারই সুযোগ হয়নি স্প্যানিশ ডিফেন্ডারের।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেদ্রির গোলে সমতায় ফেরার পর শেষ দিকে কাতালান দলটির জয়সূচক গোলটি করেন রাফিনিয়া।
ম্যাচ শেষে শাভি বলেন, দলের খেলায় গর্বিত তিনি। কাঠগড়ায় তোলেন রেফারিকে।
"মনে হচ্ছে, আমাদের আঘাত করা হয়েছে। প্রথম গোলের ক্ষেত্রে এমনকি কর্নারও ছিল না, তারপর একটা ফাউলও হয়। এরপর রবের্তকে (লেভানদোভস্কি) বহিষ্কার করা হলো। সিদ্ধান্তগুলো খুব অন্যায্য ছিল। কিন্তু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা কিছুই করতে পারি না।”
এই জয়ে বিশ্বকাপ বিরতির সময় লিগ টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে তাদের ৩৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
