২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল সমর্থকদের ‘ক্ষেপিয়ে’ বের্নাবেউয়ে সিট পরিবর্তন হলান্ডের বাবার

আলফি হলান্ডের দাবি, ম্যানচেস্টার সিটির গোলের পর তার উদযাপন ভালো লাগেনি রিয়াল মাদ্রিদ সমর্থকদের।

রিয়াল সমর্থকদের ‘ক্ষেপিয়ে’ বের্নাবেউয়ে সিট পরিবর্তন হলান্ডের বাবার

আর্লিং হলান্ড (বামে) ও তার বাবা আলফি হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2023, 10:04 PM

Updated : 10 May 2023, 10:07 PM

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মহারণে বিশেষ কিছু করতে পারেননি আর্লিং হলান্ড। তবে ভিন্ন ঘটনায় আলোচনায় তার বাবা আলফি হলান্ড। ইংলিশ দলটির সমতা ফেরানো গোলের পর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্য করে উদযাপন করতে দেখা যায় তাকে। পরে গ্যালারির আসন থেকে সরিয়ে নেওয়া হয় সিটির সাবেক এই ফুটবলারকে।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল ও সিটির লড়াই ১-১ গোলে ড্র হয়। ভিনিসিউস জুনিয়র স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন কেভিন ডে ব্রুইনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ডে ব্রুইনের গোলের পর রিয়ালের সমর্থকদের লক্ষ্য করে কিছু বলতে থাকেন আলফি হলান্ড। দুই কানে হাত দিতে দেখা যায় তাকে। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে তার আসন থেকে সরিয়ে নিয়ে যায়।

পরে টুইটারে বিষয়টি খোলাসা করেছেন সিটির তারকা স্টাইকারের বাবা।

“ঠিক আছে। আমরা কেডিবির (কেভিন ডে ব্রুইন) গোল উদযাপন করায় রিয়াল মাদ্রিদ খুশি ছিল না। তাছাড়া ১-১ সমতা নিয়ে রিয়াল মাদ্রিদের সমর্থকরা খুশি না থাকায় আমাদের সরতে হয়েছিল।”

দুই দলের শেষ চারের ফিরতি লেগ হবে আগামী বুধবার, ইতিহাদ স্টেডিয়ামে।