২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের কোচ থাকতে ‘রাজি’ স্কালোনি

বিশ্বকাপ জয়ী কোচ বোর্ডের সঙ্গে এ বিষয়ে মৌখিকভাবে রাজি হয়েছেন বলে জানালেন ক্লাওদিও তাপিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 08:03 PM

Updated : 27 Dec 2022, 08:03 PM

বছর শেষ হতে চলেছে। সেই পথে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদও। তবে বিশ্বকাপজয়ী কোচকে ছাড়তে রাজি নয় তারা। স্কালোনিও দায়িত্বে থেকে যেতে চান বলে শোনা যাচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাওদিও তাপিয়া তেমন কথাই শোনালেন।

অবশ্য কোনোকিছু এখনও পাকাপাকি হয়নি। তবে দুই পক্ষ মৌখিকভাবে একমত হয়েছে বলে জানালেন তাপিয়া। শেষ পর্যন্ত তা কার্যকর হবে বলেও দৃঢ় বিশ্বাস তার।

স্কালোনির ভবিষ্যৎ প্রসঙ্গে সান হুয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপিয়া বলেন, “স্কালোনিই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ (থাকবে)। আমরা দুজনই কথা দিলে কথা রাখি, এবং আমরা এই বিষয়ে একমত হয়েছি।”

“স্কালোনি তার এক সন্তানের পাসপোর্ট সমস্যার কারণে স্পেনে গেছেন। তিনি দেশে ফেরার পর আমরা কথা বলব, গতকাল পর্যন্ত যেমন কথা হয়ে আছে।”

২০১৪ বিশ্বকাপ ফাইনালের পরের দুই বছরের দুটি কোপা আমেরিকার ফাইনালে হারের পর ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়-ওই সময়ের এলোমেলো দলটির হাল ধরেছিলেন স্কালোনি। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এবং পরের বছর স্থায়ী চুক্তিতে।

এর আগে যার কখনও কোনো দলের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল না, তার হাতে আর্জেন্টিনা দলের মতো এতবড় দায়িত্ব দেওয়ায় তখন সমালোচনাও হয়েছিল ঢের। তার হাত ধরেই আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। গত বছর তার দল কোপা আমেরিকাও জয় করে, শেষ হয় আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা। 

এত এত সাফল্য পাওয়ায়, বিশেষ করে বিশ্বকাপের সোনালী ট্রফি দেশকে উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন স্কালোনি। আর শত সমালোচনার মুখেও তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হওয়ায় উচ্ছ্বসিত তাপিয়া। ফিরে তাকালেন সেই সময়ে।

“(আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ সেসার লুইস) মেনোত্তিই প্রথম জন, যিনি ২০১৯ কোপা আমেরিকার আগে আমাকে বলেছিলেন যে বিশ্বকাপের শেষ পর্যন্ত স্কালোনিকে চুক্তিভুক্ত করা উচিত। আমরা তাই করেছিলাম।”

“যখন আমরা স্কালোনিকে দায়িত্ব দিলাম, ৯৯ শতাংশ মানুষ ভেবেছিল আমরা ভুল করছি, পাগল হয়ে গেছি। তবে এই সিদ্ধান্তই দেশের মানুষকে আনন্দিত করেছে, তিনটি শিরোপা (কোপা আমেরিকা, ফিনালিস্সিমা ও বিশ্বকাপ) জিতেছে তারা।”