২০০তম ম্যাচের আগে রোনালদো বললেন, 'রেকর্ডই আমাকে অনুসরণ করে'
পর্তুগাল অধিনায়কের বিশ্বাস, জাতীয় দলকে এখনও অনেক কিছু দেওয়ার আছে তার।
দীর্ঘ ক্যারিয়ারে ক্রিস্তিয়ানো রোনালদো গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার তার সামনে হাতছানি ছেলেদের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়ার। উপলক্ষটি ঘিরে উচ্ছ্বসিত পর্তুগিজ মহাতারকা। এই ফরোয়ার্ড বলেছেন, তিনি রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ডই বরং তাকে অনুসরণ করে।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন রোনালদো। মঙ্গলবার ইউরো ২০২৪-এর বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে নতুন রেকর্ড গড়বেন তিনি।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরারও রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার পর্তুগালের হয়ে গোল করেছেন ১২২টি। কাতার বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেন ৩৮ বছর বয়সী রোনালদো।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে অংশগ্রহণ ও গোল করার কীর্তি রয়েছে রোনালদোর দখলে।
জাতীয় দলের হয়ে আরেকটি মাইলফলক স্পর্শের দুয়ারে দাঁড়িয়ে রোমাঞ্চিত রোনালদো। আইসল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন, এখনও পর্তুগালকে অনেক কিছু দেওয়ার আছে তার।
“আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। এটা অনেক অর্থবহ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলব, এমন কিছুর জন্য আমি খুব গর্বিত, কারণ আমি কখনও ভাবিনি যে এখানে যেতে পারব, তবে আমাকে চালিয়ে যেতে হবে। আমার আরও অনেক কিছু করার আছে।”
“আগামীকাল আমি একটি সুন্দর সংখ্যার মালিক হব, যা আর কারও নেই। আন্তরিকভাবেই বলছি, আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ডই আমাকে অনুসরণ করে। আমি খুশি, এটি জাতীয় দলে সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য আমার অনুপ্রেরণা। এটি এমন কিছু ছিল যা আমি কখনই ভাবিনি যে আমি অর্জন করতে পারব। আর আমি রেকর্ড গড়েই চলেছি।”
