২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলোয় নাপোলির মুখোমুখি বার্সা, রেয়ালের প্রতিপক্ষ লাইপজিগ

ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার সিটি পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 05:26 PM

Updated : 18 Dec 2023, 10:23 PM

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠা বার্সেলোনা শেষ ষোলোয় তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে সেরি আ চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে। আর টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ এই পর্বে লড়বে লাইপজিগের সঙ্গে।

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গত সপ্তাহে। সুইজারল্যান্ডের নিয়নে সোমবার হয়ে গেল শেষ ষোলোর ড্র।

ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় পাঁচবারের শিরোপা জয়ী বার্সেলোনা। আর নাপোলি গতবারই প্রথমবারের মতো এর কোয়ার্টার-ফাইনালে ওঠার কীর্তি গড়ে।

তবে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ইতিহাস যেমনই হোক না কেন, তাদের দুই লেগের এবারের লড়াইটা জমজমাট হওয়ার সম্ভাবনাই বেশি।

এবারের গ্রুপ পর্বে দুটি দল শতভাগ সাফল্য পেয়েছে; রেয়াল ও ম্যানচেস্টার সিটি।

সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রেয়ালের পরবর্তী প্রতিপক্ষ লাইপজিগও বেশ সহজেই নকআউট পর্বে উঠেছে। চার ম্যাচ জিতে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয় তারা।

গত আসরের গ্রুপ পর্বেই দেখা হয়েছিল দুই দলের। সেখানে রেয়াল প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর লাইপজিগের মাঠে গিয়ে হেরে বসে ৩-২ ব্যবধানে।

শ্রেষ্টত্বের মুকুট ধরে রাখার অভিযানে অনায়াসে গ্রুপ পর্ব পার হওয়া ম্যানচেস্টার সিটি পরের ধাপে সহজ প্রতিপক্ষ পেয়েছে। শেষ ষোলোয় তারা খেলবে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। গ্রুপ পর্বের শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে গালাতাসারাইকে হারিয়ে নকআউট পর্বের টিকেট পায় তারা।

শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৩-১৪ ও ২০-২১ ফেব্রুয়ারিতে। আর ফিরতি লেগ মাঠে গড়াবে ৫-৬ ও ১২-১৩ মার্চে।

শেষ ষোলোয় মুখোমুখি

পোর্তো-আর্সেনাল

নাপোলি-বার্সেলোনা

পিএসজি-রেয়াল সোসিয়েদাদ

ইন্টার মিলান-আতলেতিকো মাদ্রিদ

পিএসভি আইন্দহোভেন-বরুশিয়া ডর্টমুন্ড

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

এফসি কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি

লাইপজিগ-রেয়াল মাদ্রিদ