ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি মুলতবী ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার আবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়।
এর আগে গত ৪ জুন শুনানি শেষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করে।
২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
২২ মে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন হাই কোর্টে এই পাঁচটি আবেদন করা হয়।
যে আইনের ধারা অনুযায়ী এসইসি নির্দেশনাটি পাঠিয়েছিল, পাঁচটি আবেদনে সে ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৬৩০ ঘ.
bdnews24