ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক শেয়ার লেনদেনের অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার লেনদেনের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি।
ডিএসইতে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের সদস্যপদ নম্বর ৭৪।
এর আগে চলতি বছর ওয়াইফাং সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, র্যাপিড সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল লিমিটেড এবং লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অস্বাভাবিক শেয়ার লেনদেনের অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছিলো।
এ ছাড়া গত ডিসেম্বরেও পুঁজিবাজারে অস্বাভাবিক দর ওঠানামার কারণ খতিয়ে দেখতে পাঁচ শীর্ষ ব্রোকারেজ হাউজ ও তাদের কিছু গ্রাহকের বিষয়ে তদন্ত করে নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/২২১৫ ঘ.
bdnews24