২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা অধ্যক্ষকে মারধর: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

বৃহস্পতিবার গভীর রাতে খুলনা শহরের ভাড়া বাসা থেকে বাহারুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 03:15 PM

Updated : 22 Jul 2022, 05:27 PM

খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধরের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

কয়রা থানার ওসি এবিএমএস দোহা জানান, ওই অধ্যক্ষর স্ত্রীর দায়ের করা মামলায় খুলনা শহরের ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার গভীর রাতে বাহারুলকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান বাহারুল কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

আর শিক্ষক মাসুদুর কয়রার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সোমবার মাদ্রাসায় কাজ করার সময় বাহারুলের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বরাবর অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাসুদুরের স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে বাহারুলসহ ১২ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

মাসুদুর বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ বলেন, “মাদ্রাসাটি ঢাকার ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির আওতাভুক্ত। সম্প্রতি তারা পার্শ্ববর্তী মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে এই মাদ্রাসার সভাপতি নিযুক্ত করেন। বাহারুলও এই মাদ্রাসার সভাপতি হতে আগ্রহী ছিলেন।”

পুরনো খবর:

খুলনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মাদ্রাসার অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাহারুল সভাপতি হতে না পারায় তাকে এ পরিস্থিতির জন্য দায়ি করে লোকজন নিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন মাসুদুর।

এদিকে বাহারুলের ভাষ্য, “মাদ্রাসাটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন মোস্তফা আব্দুল মালেক। অবসরে যাওয়ার পরে তিনি মাদ্রাসার সভাপতি হতে চেয়েছিলেন। পরে তিনি সভাপতি না হতে পেরে, আমাকে সভাপতি করতে চান।

“মাদ্রারটির অধিকাংশ শিক্ষকরা ঠিকমতো ক্লাস না করে ঘুরে বেড়ান। তারা দেখলেন, আমি যদি সভাপতি হই তবে সমস্যা, আমি নিয়মে কড়াকড়ি করি। সেজন্য তারা মহারাজপুরের চেয়ারম্যানকে আমার ইউনিয়নে মাদ্রাসার সভাপতি বানিয়েছেন।”

মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নিজেদের লোকদের সঙ্গে অধ্যক্ষের ‘ঠেলাঠেলি’ হয়েছিল। পরে তারা অধ্যক্ষকে আমার কার্যালয়ে নিয়ে আসে। তখন আমি তার স্ত্রীকে খবর দিই। এরপর তারা তাকে নিয়ে যায়।”