বাবার পাশে শায়িত হলেন শাবির বুলবুল
মাগরিবের নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর ভেলানগরের মাইক্রোস্ট্যান্ডে বুলবুলের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদকে নরসিংদীতে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার রাতে মাগরিবের নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর ভেলানগরের মাইক্রোস্ট্যান্ডে বুলবুলের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বুলবুলের স্বজন, বন্ধুসহ স্থানীয় কয়েকশ মানুষ অংশ নেন।
পরে রাত ৯টায় মাধবদীর খড়িয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বুলবুলকে দাফন করা হয়।
সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের ভেতরে ছুরিকাঘাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী সঙ্গে ছিলেন।
ওই ছাত্রীর ভাষ্য, তিনজন মাস্ক পরা লোক এসে বুলবুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনায় তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করে। এর আগেই বুলবুলের সহপাঠীরা আন্দোলনে নেমে খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।
হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় সোমবার রাতে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
বুলবুলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
ময়নাতদন্ত শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে মঙ্গলবার বেলা দেড়টায় বুলবুলের জানাজা হয়। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এখন পর্যন্ত এ মামলায় মোট ছয়জনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
